সবাই হারিয়ে যায়,
তোমার আমার ভুবন থেকে,
সবাই হারিয়ে যায়।
তোমাকে আমাকে একা করে
সবাই চলে যায়,
আমার ভুবনে আঁধার নামে
তোমার ভুবনটা বেশ শুন্য মনে হয়,
তোমাকে-আমাকে একা করে সবাই চলে যায়।
ব্যাবিলন সভ্যতার মতো তোমার বুকটা ফাঁকা লাগে
রোম সাম্রাজ্যের কিনারায় এসে।
ডানা ভাঙা শালিকের মতো
তুমি পড়ে থাকো পৃথিবীর উত্তর মেরুতে
আর আমি দক্ষিণের নির্জন দ্বীপে।
তুমি শীতে হিম হও,
আমার খোলা বুকে হালকা বাতাস লাগে,
তবুও অশান্ত দু’জন
সমুদ্রের অশান্ত ঢেউয়ের মতন।
আমি ভাবি তুমি সম্পূর্ণ
আর তুমি ভাবো আমি পরিপূর্ণ
তবে দু’জনের শুন্যতা ছাড়া কিছু নেই।
আমাদের আত্মারা এখানে মৃত
তুমি-আমি আত্মার সমাধির পাশে দাঁড়িয়ে
দেখছি মৃত আত্মার বুকে গজানো সবুজ ঘাস,
তবুও অনুরাধা তুমি আমি মৃত নই,
দু’জনার কাছে জীবিত দু’জন।
কালের গহবরে সব হারায়,
সভ্যতা চাপা পড়ে মাটিতে।
কবির মৃত্যু হয় কবিতার শেষ লাইনে এসে,
অভিনেতার মৃত্যু হয় সিনেমা অথবা নাটকের শেষে।
তবুও অনুরাধা তুমি-আমি মৃত নই,
এ পৃথিবীর ঘাস-ঘাস ফড়িং-অভিমানি পেঁচা
বাঁচায় আমাদের যুগের পর যুগ কালের পর কাল ধরে।
প্রতিটি নবাগত শিশু আমাদের কথাই বলে,
তার হাসি-কান্না আমাদের বাঁচায়,
অনুরাধা তুমি-আমি আজ শিশু।
আজ একা নই আমরা তুমি কিংবা আমি
অনুরাধা এখানে তোমার-আমার সব আছে,
আজ আর আমরা একা নই,
অনুরাধা চেয়ে দেখো, চেয়ে দেখো অনুরাধা
আজ আমরা একা নই,
কেনো জানো অনুরাধা আজ তুমি-আমি মৃত।
তুমি কি জানো না অনু?
আত্মা মরে গেলে কেউ আর বেঁচে থাকে না
বাঁচতে পারে না অনু,
কেউ বাঁচতে পারে না অনু,
না-তুমি, না-আমি কেউ আজ বেঁচে নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



