বছরের পর বছর ধরে বুর্জোয়া রাজনীতির ঘৃণ্য ঘানিতে পিষ্ট হয়ে যে ছাত্রদের চরিত্র নষ্ট হচ্ছিলো, দুর্গন্ধে ভারি হয়ে গিয়েছিলো দেশের আলো হাওয়া অক্সিজেন— তা পরিশুদ্ধ হচ্ছে প্রজন্ম চত্বরে। এই প্রজন্ম চত্বর কেবল শাহবাগে নয়, সারা দেশে প্রেস ক্লাবের সামনে, শহীদ মিনারে অগণিত রাজপথে।
গতকাল দুপুরের পর আমরা লক্ষ লক্ষ মানুষের সমাবেশে লক্ষ লক্ষ কণ্ঠে একযোগে ‘আমার সোনার বাঙলা আমি তোমায় ভালোবসি...’ গাইতে গাইতে কেঁদে ফেলেছিলাম। আমরা কারা? শিশু-বালক-কিশোর-তরুণ-যুবক-পৌঢ়-আবালবৃদ্ধবণিতা সকলে। এই গণজোয়ারের উত্থান কোথা থেকে? অশুভ-অসত্য-অসুন্দর-অন্যায়ের প্রতি ঘৃণা থেকে।
কাল দেশের অনেক দূর থেকে আমার অনেক বন্ধুরাও এসেছিলো এই শাহবাগ চত্বরে। তাদের. তোমাদের বন্ধুরাও এসেছিলো, এ কীসের টানে?
কবীর সুমন গাইছেন, ‘সীমানা চিনি না, আছি শাহবাগে, আমার গিটারও আছে/ বসন্ত আজ বন্ধুরা দেখো গণদাবী হয়ে বাঁচে?’...
কেবল সারা দেশ নয় সারাপৃথিবীতে ক্রমে ছড়িয়ে পড়ছে এই দাবীর গণসংক্রমন। এ সুন্দরের পক্ষে, আর মানুষ মাত্রই সুন্দরের প্রতি আরোহী। আমার মায়ের কথা মনে পড়ে, আমার জননী জাহানারা ইমামের কথা মনে পড়ে। বন্ধুরা এসো হাতে হাত রেখে এই বেরিক্যাড দিকচক্রবালের মতো দীর্ঘ দীর্ঘতর করি। আমাদের স্লোগানের আগুনে পুড়ে মরে যাক সব অন্যায়, অবিচার, সকল আলবদর, আলশামস্ আর রাজাকার।
সূর্যের গান বন্ধু তোমার হাতে
জ্বালাও স্লোগান তুমি অন্ধ এই রাতে
...
আগুনের চোখ মেলে দাঁড়াও প্রভাতে
...
ঘুম ঘুম চোখে দাও সূর্যস্নান
ভবঘুরে পায়ে দাও মুক্তির শান
প্রতিঘাত জেনে নাও প্রতিটা আঘাতে
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




