সে কাদার মত ছিল, নরম মাটি।
তার বড় সাধ ছিল দেবী হবার। তাই
এই কারিগরের কাছে এসে বলেছিল একদিন
"আমায় গড়ে দেবে? আমি দেবী হব শুধু তোমার?"
আমার হাতে তখন অনেক কাজ।
খরকুটো দিয়ে হাজারটা দেবীর ডামি বানাচ্ছি,
কাদা মাটি দিয়ে লেপে মূর্তি বানাতে হবে।
সামনেই দূর্গাপূজা। অনেক বায়না এসেছে।
আমার অনেক মাটির দরকার। নরম মাটি।
অথচ আমি তাকে ছুঁয়েও দেখিনি সেবার।
অবহেলায় সে চলে গেছে মুখ ঝুঁকিয়ে। ফিরে তাকায়নি একবারও।
আজ অনেক বছর পর আমার বাড়ি বানানোর জন্য
ইটের অর্ডার করতে এক ট্রাক লাল ইট এসেছে।
সেই ইটে তাকে খুঁজে পাওয়া গেল।
আমি ছুঁতে যাব তাকে- সে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠলো,
ভয় পেয়ো না। আমি কাঁচা মাটি নেই আর। আর কোমল কিছু
অবশিষ্ট নেই আমার। তোমার দেয়াল ভাঙ্গবে না। কথা দিচ্ছি।
আমি হাত সরিয়ে নিলাম।
সে অপরিচিত হয়ে গেছে আমার।
অথচ সে দেবী হবার সাধ নিয়ে এসেছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
