জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, অনেক তথ্য তাঁর মনে নেই। অনেক কিছু ভুলে গেছেন। এমনকি নিজ মা-বাবার নামও সঠিকভাবে বলতে পারেননি তিনি।
মানবতাবিরোধী অপরাধের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক আজ রোববার এমন দাবি করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজহারুল ইসলামকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক আজ বিকেলে দাবি করেন, আজ সকাল ১০টা থেকে ধানমন্ডির সেফ হোমে নিয়ে আজহারুলকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। মাঝে দুপুরে এক ঘণ্টার বিরতি ছিল। বিকেল পাঁচটায় জিজ্ঞাসাবাদ শেষ হয়। এর আগে আজহারুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেফ হোমে নিয়ে যাওয়া হয়।
সানাউল হক জানিয়েছেন, এ টি এম আজাহারের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা এস এম ইদ্রিস আলী এ জিজ্ঞাসাবাদে নেতৃত্ব দিয়েছেন।
সানাউল হক বলেন, জিজ্ঞাসাবাদে এ টি এম আজাহার দাবি করেছেন, অনেক তথ্যই তাঁর মনে নেই। অনেক কিছুই তিনি ভুলে গেছেন। এমনকি নিজ বাবা-মায়ের নামও সঠিকভাবে বলতে পারেনি তিনি।
দুই মাসের মধ্যে এ টি এম আজাহারের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




