যখন ছোট ছিলাম, প্রাইমারী তে পরতাম আমার কাছে ডিসেম্বর মাসটা খুব পছন্দের ছিল।আর স্বাধীনতা, বিজয় দিবস বলতে বুঝতাম বিজয় মেলা। আমাদের শহরে সারাটা ডিসেম্বর মাসটা ছিল বিজয় মেলার মাস। সারাটা মাস মেলায় যাবার জন্য মন ছটফট করত।মামা ভালো গিটার বাজাতো।তাই সারাটা মাস ই চলতো মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে বাজানো। আর মামার সাথে থাকতাম আমি।
"এক সাগরে রক্তের বিনিময়ে ......", "মাগো ভাবনা কেন......","মোরা একটি ফুলকে বাঁচাবো বলে ", "এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা " সারা মাস এই গানগুলো চলতো। আমিও সারাদিন মনে মনে গাইতাম এগুলো।
যখন হাই স্কুলে উঠলাম অনেক বই পড়ার সুযোগ এল। আমার মা বাবা কখনো কোন বই পরতে বাধা দিয়েছেন বলে মনে নেই।বাবার কাছে শুনলাম একাত্তরের অনেক কাহিনী। বাবা ছিলেন ছোট। আমার দাদা দাদী যখন নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছিলেন তখন তাদের কাছে ছিল তাদের সব গয়না, টাকা-পয়সা। যাই হোক একসময় পাক বাহিনীর নজর আসলো তাদের নৌকার দিকে।থামালো নৌকা। দাদা দাদী ভাবছিলেন এই বুঝি শেষ দিন। কপাল ভালো ছিল শুধু টাকা পয়সা রেখে তাদের ছেড়ে দেয়া হয়েছিল। বাবা বলে লাখে লাখে মানুষ উদ্বাস্তুর মত চলছে, গন্তব্য অজানা। ক্ষুধা তৃষ্ণা উপেক্ষা করে শুধু প্রান বাঁচানোর তাগিদে।
বই পড়েও জানলাম অনেক কিছু। রাজাকার, আলবদর, আল- শামস বাহিনীর নির্মম তাণ্ডব। ২৫ শে মার্চের ভয়াল রাতের কথা, ১৪ ই ডিসেম্বর এর ঘৃণ্য হত্যাযজ্ঞ।
কত কষ্ট করে আনতে হয়েছে লাল সবুজের পতাকাটা। তার কতটা মূল্য আমরা দিতে পেরেছি ? কয়জন পারবে বলতে সাত জন বীরশ্রেষ্ঠের নাম বলতে?
লাখ লাখ শহীদের রক্ত আর মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা কি পেয়েছি ? দুর্নীতি এখন এই দেশের রন্ধ্রে রন্ধ্রে। এখন সেক্টরের নাম মুখস্থ করা হয় পরীক্ষা পাশের জন্য। আর স্মৃতিসৌধে নেতার যাওয়া জনগণের কাছে নিজের ইমেজ রাখতে।
কেন আমরা আমাদের স্বাধীনতার কথা প্রকাশে এত দীন? আমরা অনেক কষ্ট করে এটা পেয়েছি, আর রক্ষা করতে হবে আরো কষ্ট করে।
আমি জানি আমার দেশের সবুজ প্রান্তর, লাল সূর্যের মাঝে , শিশির ভেজা ঘাসের মাঝে, উদাস দখিনা হাওয়ার মাঝে আছে স্বাধীনতা। এত সুন্দর তার রূপ। কোন কালিমা এসে যেন স্পর্শ করতে পারে এর দৃপ্ত মহিমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




