নিরালোক ধ্বংসের পথে
কোনদিন টানবোনা; আমি কোন মতে
চাইবোনা কোন দান, কোন উপহার।
‘রোদ দিয়ে বানিয়েছি প্রতিমা তোমার’-
সেইটুকু জানানোর বাকি;
নাইবা জানলে আর, ব্যথাটুকু নাই-ই পেলে বহুদূরে থাকি।
তোমার জীবনে আমি শীতের প্রখর রাতে কুয়াশার মত-
প্রতিরাতে জেগে উঠি,বাতাসে বাতাসে আমি মিলাই অবিরত।
রাত শেষে, ঘুম শেষে শূন্যের ডাকে
কুয়াশা আমাকে
হারায়ে ফেলতে হয় ভেজা বাতাসের এক সরব মিছিলে-
সকল কুয়াশা মোরা একসাথে মিলে
জড়ো হই তোমার এক জানালার কাঁচে--
তুমি যাও কোথা যেন না দেখেই মোরে-
হারাই আমি সূর্যের আঁচে।
তোমার মনের মাঝে আমি যদি হই এক কষ্টের নদী-
আমার এই রক্তের ভালোবাসা যদি
তোমায় কাঁদিয়ে থাকে কখনো গোপনে-
জেনো, আমি থেমে যাব—
ভীষণ শীতকে তুমি আনলে স্মরণে।
জানিনা পেয়েছ কিনা খুঁজিয়া তাহারে
যারে বারেবারে
বাঁধার জন্য থাক দু’হাত বাড়িয়ে
চপল মনের ঐ সবুজিমা দিয়ে।
বাঁধার জন্য তুমি কর নাই আশা-
তবু মোর অনাহারী জড় ভালোবাসা
পথটুকু ভুলে
আহারের খোঁজে খোঁজে ঠিকই ঠেকিয়া গেছে
তোমার দু’ চরণের মূলে-
সেইটুকে বুকে থাক বাধা,
কালো আমি থাকি কালো, থাকো তুমি সাদা ।।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





