আশির দশকের মাঝামাঝি, আমার তখনও স্কুলে যাওয়ার বয়স হয় নাই, চার বছর মাত্র, প্রথম শিক্ষক হিসাবে যাকে দেখেছি, কিংবা যার কথা মনে আছে, তার নাম কবির মাস্টার। তখন গ্রামে থাকতাম, বড় ভাইবোন সবাই একসাথে, যৌথ পরিবার। গ্রামে গঞ্জে লজিং মাস্টার এর একটা প্রচলন ছিলো। সেই কবির মাস্টারও আমাদের বাড়িতে থাকতেন, বয়স ৩০ এর কাছাকাছি। মূলবাড়ীর উঠোনের অপর প্রান্তে কাচারী ঘরে কবির মাস্টার থাকতেন, আর আমাদের ৪-৫জনকে পড়াতেন।
বলা যেতে পারে আমার প্রথম হাতেখড়ি উনার হাতে। উনি প্রথম আমাকে ''ক'' লিখানোর চেষ্টা করলেন, কিন্তু একটা ছোট বাচ্চাকে কিভাবে পড়াতে হয়, সেটা হয়ত তিনি জানতেন না। আমার এখনো একটা দিনের কথা মনে আছে, উনি তিন হাত লম্বা একটা বেত আমার সামনে নাচিয়ে চলছেন, আর আমাকে ''ক'' লিখতে বলছেন, ভয়ে আমি কান্নাকাটি করছি, চোখ দিয়ে পানি পড়ছে টপটপ করে। শেষ পর্যন্ত বড়চাচা এসে আমাকে উদ্ধার করেছিলেন। না, কবির মাস্টারের আর তেমন কোন স্মৃতি মনে নাই, শুধু মানে আছে, তিনি ডানো গুড়োদুধ এর সাথে চিনি মিশিয়ে খেতেন, পানি ছাড়া। উনার থেকে সেই অভ্যাসটা আমিও রপ্ত করে ফেলেছিলাম।
শহরে এসে আরো একবছর পর স্কুলে ভর্তি হয়েছিলাম, এর মাঝে অ, আ, ক, খ, ১,২,৩ শিখে ফেলেছি বড়ভাই,বোনদের কাছ থেকে।
শহরে এসে প্রথম একজন স্যারের দেখা পেলাম, যার কাছে আমি নিজে পড়তাম না, আমার বড়ভাইরা পড়তো, আমি তারপরও উনার কাছে গিয়ে অ, আ, ১,২ এইসব পড়তাম খেলার ছলে।
ঐ স্যারের এক পরিচিত এরপর পড়াতে আসলো, আমাকে আর আমার বড়বোনকে। উনার নাম ছিলো হেলাল, মহসিন কলেজে পড়তেন। এর বেশি কোন স্মৃতি মনে নাই।
শহরে আসার পর আমার আর আমার বড়বোনের জন্য মহাউদ্যোমে শিক্ষক খোঁজা শুরু হলো, যখন বড়বোন পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবে। এই কাজে মহা উদ্যমী হলো, আমার বড় দুইভাই। কয়েক মাস পর পর নতুন নতুন শিক্ষকের দেখা পেতাম।
শহরে এসে ভর্তি হয়েছিলাম গতানুগতিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। সরকারীভাবে যে ৩-৪টা বই দিতো, সেগুলোই আমার পাঠ্য। কিন্ডারগার্টেনের মতো ১০-১৫টা বই ছিলো না। তখন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, এক শিক্ষক আমাকে খালি ইংরেজী বানান পড়া নিতেন। এবং বানান ভুল করলে বেত দিয়ে হাতের তালুতে মারতেন। তাও আবার কঠিন কঠিন বানান। যেমন umbrella কিংবা elephant এর মতো বানান। প্রায় সময়ই আমার বানান ভুল করতাম, এবং যথারীতি বেতের কারনে হাতের তালু লাল হয়ে যেত। কাউকেই কিছু বলতে পারতাম না, শুধু আল্লাহ আল্লাহ করতাম, এই স্যার কখন চলে যাবে, নতুন স্যার কখন আসবেন। তবে এই স্যারের আর একটা কথা এখনো মনে আছে। তিনি সময়ের ব্যাপারে ছিলেন খুব সচেতন। কখনো যদি বলতেন, আগামীকাল বিকাল পাঁচটায় আসবেন, তবে তিনি ঠিক পাঁচটায় আসতেন, হয়ত আরো কিছুক্ষণ আগে এসে বাসার নিচে অপেক্ষা করতেন। খুব অবাক হতাম ব্যাপারটায়।
তারপর একজন স্যার আসলেন, তার নাম পাশা স্যার।তিনি আমাদের বাসায় লজিং থাকতেন। প্রায় দেড় বছর মতো ছিলেন আমাদের বাসায়। কবিতা লিখতেন, এরশাদ পতনের সময় বাম রাজনীতি করতেন। উনার সবচেয়ে মজার কাহিনী ছিলো, উনি একটা খাতা আর কলম সবসময় বালিশের নীচে রাখতেন। কখনো যদি কবিতা মাথায় আসে, সেটা লিখে ফেলতেন। এমনও হয়েছে, রাতে বাতি বন্ধ, উনার মাথায় একটা কবিতা এসেছে, উনি পুরো কবিতা না লিখতে পারলেও ছন্দটা খাতায় অন্ধকারের মাঝেই লিখে ফেলতান। আমাদের সাথে প্রায় সময় এসে নানা গল্প করতেন। একসাথে বসে টিভিতে অয়োময় আর ম্যাগাইভার দেখতান। এই স্যারকে নিয়ে আগের একটা পোস্টে লিখেছিলাম।
এর মাঝে আর একজন স্যারের কথা মনে আছে, যিনি একটা ব্যাংকের ম্যানেজার ছিলেন, বয়স্ক মানুষ। ঠান্ডা মাথার। বড়বোনের বুককিপিং ছিলো বলে উনি বড়বোনকে পড়াতে আসতেন, আমাকেও তাই পড়াতেন।
উনাকে নিয়ে তেমন কিছু মনে নাই, শুধু মনে আছে, উনি ২৫ কে বলতেন পুঁইশ।
পঞ্চম শ্রেণীতে পড়ার সময় এক ম্যাডাম পড়াতে আসতেন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে পড়তেন তখন। ভেবেছিলাম, স্যাররা মারাত্মক কঠিন হয়, ম্যাডামরা হয়ত কোমলমতি হবে। আমি হয়ত শিক্ষক জনিতবিপদ থেকে মুক্তি পাচ্ছি। কিন্তু বিধিবাম, তিনি মারাত্মক রাগী। ছোটবেলাতে কিছু ব্যাটারী, টর্চলাইট, ইলেকট্রিক কেবল, মটর এইগুলো ছিলো আমার নিত্য সঙ্গী, উনি কয়েকদিনের মাঝেই আমার সব সম্পত্তি সিজ করলেন। বাসায় হয়ত মেহমান এসেছে, আমার পড়তে অসুবিধা হচ্ছে, তখন ঐ ম্যাডাম আমার সব বইখাতা নিয়ে আমাকে উনার বাসায় নিয়ে যেতেন, কাছেই ছিলো উনার বাসা। রাগে দুঃখে অপমানে কান্না চলে আসতো। বাসায় সবাই মজা করছে, আর আমাকে পড়তে হচ্ছে, তাও আবার ম্যাডামের বাসায় গিয়ে। উনার একটা মজার স্মৃতি মনে আছে এখনো। উনি তেলাপোকা মারাত্মক ভয় পেতেন। একটার একটা উড়ন্ত তেলাপোকা উনার পায়ের নিচ দিয়ে ঢুকে পড়েছিলো, আর উনি আমাকে পড়ানো ফেলে সারাঘর জুড়ে নাচানাচি করছিলেন, শেষে ঐ তেলাপোকা উনের ঘাড়ের পিছন দিয়ে বের হয়েছিলো। খুব মজা পেয়েছিলাম সেদিন। মনে হচ্ছিলো, ম্যাডামের একটা জব্বর শাস্তি হয়েছে, আমার ব্যাটারী সিজ করার জন্য।
ষষ্ঠ শ্রেণীতে হাইস্কুলে ভর্তি হওয়ার পর স্কুলের এক স্যারের কাছে পড়তাম সকাল বেলা স্কুলে শুরুর আগে। আট থেকে দশটা পর্যন্ত পড়াতেন ক্লাসরুমেই। একসাথে বিভিন্ন ক্লাসের ছেলেরা পড়তো।
সপ্তম শ্রেনীতে মেজোভাই তার এক বন্ধুকে নিয়ে আসলেন আমার শিক্ষক হিসাবে। উনি পড়াতে আসতেন সকালে। ১০টা থেকে স্কুল, আর উনি সকাল সাতটা বাজে বাসায় আসতেন। উনার বাসা থেকে আমার বাসা যথেষ্ট দূরে ছিলো (টাইগারপাস-আলকরণ), তারপরও শীতের সকালে উনি কিভাবে সাতটার সময় আসতেন, সেটা দেখে অবাক হতাম। এই স্যারও খুব ভালো ছিলো, তবে একটু রাগী ছিলো। এই স্যারের কাছে পডলাম প্রায় ৪-৫মাস। এরপর বড় ভাই আবার স্কুলের এক শিক্ষক নিয়ে আসলেন বাসায়।
বাকী অংশ পরের পর্বে।
স্মৃতিশক্তি দিন দিন লোপ পাচ্ছে। আমার এই জীবনে অনেক গুরুর থেকে শিক্ষা পেয়েছি, সবার নাম যদি মনে রাখতে না পারি, সেটা অনেক বড় অপরাধ মনে হচ্ছে। অনেকের নামই এখন মনে নাই। লজ্জ্বা লাগছে আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


