খুব বেশী সময় বসে বিশ্রাম নেয়ারও উপায় নেই । ঐ অবস্থাতেই মা আবার বোনকে কোলে তুলে নিলো। আমরা হাঁটতে শুরু করলাম স্টেশনের দিকে । মা একটু খুঁড়িয়ে চলছেন ।
হঠাৎ কখনো সখনো কোথাও যাওয়ার বা ট্রেনে ভ্রমনের সুযোগ আসে । আর আমি সেটা নিয়ে বেশ আনন্দে থাকি । আজও তাই খুব খুশী মনেই আসছিলাম । কিন্তু এই ব্যাপারটা আমাকে বেশ দমিয়ে দিলো । মা'র কষ্টটা ধীরে ধীরে আমার মধ্যে সংক্রামিত হতে লাগলো । আমি যদিও হাতে একটা ভার বইছি তবু একবার মা'কে বললাম বোনকে আমার কোলে দাও । বাড়ীতে কখনো সখনো বোনকে কোলে রাখলেও রাস্তাতে তাকে আমার কোলে দিতে মা চাইলেন না ।
এই ট্রেনটাতে ভীড়ও হয় বেশ । তবু কামরায় উঠে মা' একটা জায়গা পেয়ে গেলেন বসার । বোঝা যাচ্ছে পা'য়ের যন্ত্রণা বেশ রয়েছে । খুব সামান্য সময়ের মধ্যেই ট্রেন যাত্রা শেষ হয়ে গেল । এবার আমার আর একটুও ভালো লাগলো না ।
এবার সেই ব্রীজটা কে ডানদিকে রেখে আমি আর কানু ফুট ব্রীজটা পার হলাম । পার হওয়ার সময় আড়চোখে ব্রীজটাকে এবং একই জায়গায় দাঁড়িয়ে থাকা সিগনাল পোস্ট'টাকে লক্ষ্য করলাম । মনে মনে তাদের প্রতি কৃতজ্ঞতাও জানালাম । অনেকের মধ্যে ১৯৮৭ সনেও মা বোন আর আমি বেঁচে আছি দেশান্তরে হলেও। যুক্তির বাইরে গিয়ে মনে হচ্ছে যে এই গাছ মাটি নদী জল আর সবেধন রেললাইনটি নিয়ে দৃশ্যরচনাটি যুগ যুগ ধরে অবস্থান করে চলেছে তা কারোর মৃত্যুর জন্য নয়, বরং মৃত্যুমুখ থেকে বাঁচানোর আয়োজনই যেন সে করে চলে । মা' তখনও বেঁচে । এই দৃশ্যে গভীর ভাবে মা'র কথা মনে পড়ে গেল ।
অনেক্ষণ কানুর কথা আমার কানে ঢোকেনি । --কী অইলো দাদা ? কী ভাবতাছ? কানুর কথাতে যেন জেগে উঠলাম । বলল-দেহতো চিন নাহি । আমি বললাম 'পাবই'। কানু বলল-'বড়কুট' কিছুই আর চেনা যাচ্ছেনা । আগেকার টিনের চৌচালা বড় বড় টিনের বাড়িঘর কই? অধিকাংশই দেখি ছনের । পাশাপাশি দারিদ্রও তেমনি । অঞ্চলটা এত দরিদ্র ছিলো বলে মনে করতে পারছিনা । আমরা সাধারণ ভাবেই কারো উঠোন, কারো ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম । রাস্তা ছেড়ে এটাই সংক্ষিপ্ত পথ । পথে পথে কারো কারো কাছে আমার পরিচয়টাও দিতে হচ্ছিলো কানুর ।
তার মধ্যে একসময় হঠাৎ কানু বলে উঠলো --ধনদি দ্যাক্তো এইলা কেডা ?
দেখি আমি দাঁড়িয়ে আছি একটা উঠোনে । উঠোন জুড়ে ধান শুকোতে দেয়া হয়েছে । সামনে একটাই মাত্র টিনের ঘর । বেশ পুরনো চৌচালা । আশপাশে সব ছনের ঘর । 'ধনদি' বলে কানু যাকে ডাকলো, চিনে ফেললাম সে আমার ছোড়দি ।
আমার কাছে হঠাৎজাত এই দৃশ্যের ঘাত একটু বেশীই ছিলো । তাই ভর দুপুরে মাঝ উঠোনে দাঁড়িয়ে আমি ছেলেমানুষের মতো কেঁদে উঠলাম । কান্নাটা অনেকক্ষণ থেকেই গলাতে পাকাচ্ছিলো । এইসময় যখন খুব সংযমের প্রয়োজন, তখনই প্রায় অজান্তে সে গলা দিয়ে বেরিয়ে এলো । আশপাশের প্রায় সবাই বিভিন্ন ভাবে এতে সংক্রামিত হয়ে পড়লো । দিদি প্রায় দৌড়ে এসে জড়িয়ে ধরে ফেলল। আর যথারীতি কান্নার সংক্রমণ তার মধ্যেও ছড়িয়ে পড়লো ।
অথচ সত্যি বলতে গেলে এই কান্নার বদলে আমার ইচ্ছা ছিলো লোকচক্ষুর আড়ালে এই উঠোনে একবার হামাগুঁড়ি দিই । এই উঠোন থেকে যে বারান্দাটাতে গিয়ে উঠা যায় তার এক কোনে আমাদের ভাই বোনদের যে আঁতুড় ঘর যা এখন উদোম খোলা, সেখানে গিয়ে খালি গা'য়ে একটু গড়াগড়ি করি । কিন্তু না তা সম্ভব না । এটা কি খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছেনা ?
তোমাকে যে এই দৃশ্যের ভেতর প্রবেশের সুযোগ করে দেয়া হয়েছে এই কি যথেষ্ট নয়? যে স্বপ্ন তুমি দিনের পর দিন দেখে গেছ, যা বস্তুত অবাস্তব, যা দিয়ে তুমি স্বপ্নের ভেতরেও এক বাস্তবতা নির্মাণের
প্রয়াস করেছ, তার তো সবটা স্বপ্নই ছিলো---। অথচ এই যে তুমি পৌঁছে গেছ তোমার স্বপ্নের ভূ-খন্ডটিতে, যার সংগে আর তোমাকে আর মিলিয়ে দেখতে হবেনা এটা স্বপ্ন না বাস্তব---এটাই কি যথেস্ট নয়?
কান্না থামাও---ধাতস্ত হও---এটা সেই গ্রাম, সেই দেশ, সেই চরাচর---এখানে আজ তুমি শুধু অতিথি হতে পার । পৃথিবীতে এমন অনেক হয়েছে । দ্বিধা বিভক্ত মানবযুথ এমন অনেক আছে । তুমিত ভাগ্যবান যে আসতে পেরেছো---দেখা পেয়েছো রেখে যাওয়া সহোদরাকে,পরিজনদের । অনেকের সে সুযোগও নেই বা কোনোদিন আর পাবেও না ।
-----------------
**এই পোস্ট'টাই আমার স্মৃতি কথা মূলক রচনাটির শেষ পোস্ট ।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



