রাফির বয়স চার বছর দুই মাস । সম্প্রতি সে নতুন ভাই পেয়েছে । মানে তার একটি নতুন ভাই হয়েছে । রাফি তো মহা খুশী । সে একটু পর পর তার সদ্যেজাত ভাইয়ের কাছে ছুটে যায়, ছুঁয়ে দেখে, আদর করে । সব কিছু মিলিয়ে তার মহা আনন্দ ।
আজ রাফি তার ছোট ভাইকে কোলে তুলে নিতে চাচ্ছে । মায়ের কাছে তার স্বতস্ফুর্ত আবদার -" মা ভাইয়াকে আমি কোলে নিব ।"
"বাবা তুমি তো এখনও অনেক ছোট, তাইতো তুমি ছোট ভাইয়াকে তুমি কোলে নিতে পারবে না ।"
"না মা আমি নেব , ভাইয়াকে কোলে নেব । কোলে দাও ।" রাফি জেদ করে।
মা বাধ্য হয়ে রাফির কোলে তুলে দেন ওর ছোট ভাইকে । নিজেও ধরে রাখেন । রাফির খুশী খুশী মুখটা দেখার মত ।
"মা ভাইয়া কোথা থেকে এসেছে ?"
"আকাশ থেকে , আল্লাহ ওকে পাঠিয়েছেন"
"ভাইয়া কোথায় ছিল?"
"তোমার ভাইয়া আমার পেটে ছিল ।"
"মা তোমার পেটে আর ভাইয়া নেই ?!"
আজ রাফি তার ছোট ভাইয়ার পাশে শুয়ে আছে । আজও সে তার ছোট ভাইয়া কে কোলে তুলে নিতে চাচ্ছে । তার বাবাও আজ উপস্থিত । তাই আজ তার আবদার তার বাবার কাছে ।
"বাবা ভাইয়া কে কোলে নিব । ভাইয়াকে নিয়ে সামনের রুমে যাব ।"
"বাবা আর কয়েকদিন পরে নাও । তোমার ভাইয়া আরেকটু বড় হোক।"
"না বাবা এখন নেব । । ভাইয়া কে আমার কোলে দাও । "
"বাবা তুমিই তো তোমার ভাইয়া কে দেখে রাখবে, যখন তোমার মা ও অফিস যেতে শুরু করবে তখন তো তোমাকেই তোমার ভাইয়াকে দেখে রাখতে হবে, তাকে নিয়ে খেলতে হবে, তুমিই তো তার সাথে কথা বলবে, তার সাথে থাকবে, তাকে খাওয়াবে। "
রাফি একটা রহস্যময় হাসি হেসে বলল-
"বাবা আমি কীভাবে খাওয়াব, আমার দুদু তো ছোট ।"
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



