
শহীদুল ইসলাম প্রামানিক
প্রহরে প্রহরে ডাক
সারা রাত জেগে থাক
যেন পাড়া গাঁয়ের রাতের ঘড়ি
শহর বন্দরে এসে
থাকি বাবুয়ানা বেশে
রাত জেগে হে পেঁচা তোকেই স্মরি।
বিজলীর বাতী জ্বলে
প্রতি ঘরে ছাদ তলে
নাই হেথা ঘুটঘুটে রাতের আঁধার
দেয়াল ঘড়ির টং টং
প্রতি ঘন্টায় হয় স্মরণ
তোর মত শব্দ আমি পাই না তো আর।
রাতের আঁধার কালে
গাছে গাছে ডালে ডালে
তোরই শব্দে আমার ভেঙে যেত ঘুম
রাতের প্রতিটি প্রহর
তোর ডাকে হতো ঠাহর
মাঝে মাঝে সারা দিত পায়রা ‘বাকুম’।
এত রাত জেগে থাকি
নাই কোন পশু-পাখি
করে না তো শব্দ কেউ কতকাল ধরে
পাথর দালান ঘর
সব মানুষ হেথা পর
সারা রাত ঘুম দিয়ে উঠে যাই ভোরে।
দিনের কোলাহলে
যন্ত্রের শকট চলে
ঠেলাঠেলি ঢেলাঢেলি কত মানুষ জন
রাতে শুধু একা একা
কারো হেথা নাই দেখা
শুয়ে শুয়ে তোরে আজ ভাবি যে আপন।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




