এ বদ্ধ ঘরে কি কবিতা হয়?
তার জন্য চাই নির্জনতা।
তবে দমবন্ধ করা নিরবতা নয়,
চাই খোলা আকাশ, পাগল করা জোৎস্না,
কিংবা কাক ডাকা ভোর।
চাই পানির উপর বজরায় কিছুটা সময়।
কিংবা বিদ্রোহ করার মত পরিবেশ
আচ্ছা তাই বলে কি লিখবো না?
নাইবা হল সেরকম কোন পদ্য।
এই দমবন্ধ নিরবতায় আমি লিখবো।
লিখবো “গাহি সাম্যের গান” ।
এই যে কবি এটাতো নজরুল লিখেছেন!
তবুও লিখবো আমি “সোনার তরী”।
এই যে কবি হচ্ছেটা কি?
এটাতো কবি গুরু রবীন্দ্রনাথ লিখেছেন!
না না তবুও আমি লিখবো।
“কেউ কথা রাখেনি”
কবি এটাতো সুনীলের লেখা।
না আমাকে লিখতেই হবে
“তোমার চোখ এত লাল কেন?”
না হে বালক! তোমাকে আর কবি বলতে পারছিনা!
ওটাতো ছিল নির্মলেন্দুর কথা।
তবে আমি কি লিখব?
আমার কথাও তো কেউ রাখেনি।
আমিও যে নজরুলের মত সাম্যের গান গাইতে চাই,
আমার মধ্যেও যে গুরুর মত পাপ-পূণ্যের হিসাব,
নির্মলেন্দুর ভাষায় আমাকেও তো কেউ প্রশ্ন করেনা
“তোমার চোখ এত লাল কেন?”
তাই আমার আর কবি হওয়া হয়ে উঠে না।
আমি মিশে যাই মিলিয়ে যাওয়া মানুষের মত
সাধারন মানুষ, সাধারন মানুষ হয়ে,
মিলিয়ে যাওয়া মানুষের মধ্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



