অনেক দিন পর দেখা
কিছুই বললে না
অহংকারের রুপার কাঠি ছুঁইয়ে
নিজেকে রেখেছো স্তব্ধ করে
যেন বন্ধ মুখে আড়ি দিয়েছো
বলতে চাওনা কিছুই
রাজকন্যা-
তুমি কি অহংকারী ?
তবে জেনে রাখো
অহংকারের যে প্রদীপ তুমি জ্বালিয়েছো
তা নিভে যাবে
যদি নিভে যাই আমরা-
তোমার পেছনের অনেক প্রদীপের একটি
যাদের আলোক শিখায় এগিয়ে চলেছো
তুমি, তোমরা-
রাজকন্যা-
নেভাতে চাও কি একটি প্রদীপ?
তবে জেনে রাখো-
অন্ধকার কী, দেখোনি তুমি
দেখোনি অমানুষদের
অমানবিক উল্লাস
আর বিবেকহীনদের
নির্দয় প্রলাপ
আমাদের আলোর উত্তাপে,
ফিরে পাবে সবকিছু আবার
যদি হারিয়ে যাই
পেছনের জ্বলন্ত প্রদীপগুলো
রাজকন্যা-
আমরা হারিয়ে যাই এটাই কি চাও?
তবে জেনে রাখো-
হারিয়েই যাবো
কোনো কালবৈশাখিতে
কিংবা
জলোচ্ছাসের কোনো তান্ডবে,
খুব করে চাইবে আমাদের
পাবেনা, কাউকেই পাবেনা
পাবে শুধু পশুদের-
যাদের উল্লাস আর
তোমাদের চিৎকার
একাকার হয়ে
আকাশে জমবে মেঘ,
ক্রদ্ধ মেঘের প্রশ্নে
বৃষ্টি খুজেঁ পাবে না
পাবে শুধু বজ্রপাত
আর-
নিজেদের পুড়ানোর আগুন,
যে আগুনের অহংকারে
নিভিয়েছিলে আমাদের,
হারিয়ে যেতে দিয়েছিলে আমাদের
অবহেলা আর অহংকারে,
আমাদের অশ্রু যখন ছিলো মুল্যহীন-
আর- তখনি জানবে
কার ভালবাসার
উত্তাপে জেগে থাকতে-
নতুন প্রাণ পেতে প্রতিদিন,
বুঝবে তখন বুঝবে।।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


