
প্রিয় কন্যা আমার-
রমজান মাস শুরু হয়ে গেছে। আজ ২য় রোজা। তোমার জীবনের প্রথম রমজান। এবং তোমার জীবনের প্রথম পহেলা বৈশাখ। রমজান এবং বৈশাখ সবই কেমন মাটি হয়ে গেলো। কারন চারিদিকে করোনা ভাইরাস। গত বছরও করোনা ভাইরাস ছিলো। অবশ্য তুমি এসব কিছুই জানো না। কিছুই বুঝ না। কারন তুমি অনেক ছোট। এখন তোমার মাত্র সাড়ে তিন মাস। অবশ্য একদিন তুমি বড় হবে, তখন সব জানবে, বুঝবে। আমার এই লেখা গুলো তোমাকে সব কিছু বুঝতে সাহায্য করবে। আমার এই লেখাগুলো গুলো মুহুর্তের মধ্যে তোমাকে অতীতে নিয়ে যাবে। সেটা তোমার জন্য আনন্দের হবে।
এখন তোমাকে বাসার খবর জানাই-
আমাদের ঘরের বুয়াকে আসতে মানা করে দিয়েছি। কারন একটাই করোনা। এদিকে ঘরে নানান রকম কাজ থাকে। কাপড় ধোয়া, ঘর মোছা, হাড়ি পাতিল ধোয়া। রান্না বান্না। এগুলো তোমার মা একাই করে যাচ্ছে। অবশ্য আমি মাঝে মাঝে তাকে সহযোগিতা করি। তোমার মা রাতে আরাম করে ঘুমাতে পারছে না। কারন তুমি রাতে ঘুমাও না। কিন্তু তোমার মা'র চোখে রাজ্যের ঘুম। ঘুম আসাটাই স্বাভাবিক। কারন সে সারাদিন ঘরের কাজ করে। দিনের বেলাও ঘুমাতে পারে না। বেচারা ঘুম ঘুম চোখে তোমাকে কোলে নিয়ে বসে থাকে। তোমার মা ঘুমিয়ে যায়, কিন্তু তুমি ঘুমাও না। আমি পাশের ঘরে ল্যাপটপ চালাই। একটু পরপর এসে তোমাকে দেখে যাই।
প্রিয় কন্যা আমার-
তোমার ছোট চাচার বিয়ে। ঠিক বিয়ে না। বিয়ে হয়ে গেছে। ঈদের পর অনুষ্ঠন করে বউ নিয়ে আসা হবে। এই উপলক্ষ্যে পুরো বাড়ি রঙ করা হচ্ছে। সেনেটারী মিস্ত্রী, ইলেকট্রিক মিস্ত্রী, কাঠ মিস্ত্রী এবং টাইলস মিস্ত্রী সবাই একসাথে কাজ করছে। সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বাসায় খুট খুট শব্দ। চারিদিকে ধুলো বালি দিয়ে ভরা। আশা করি আগামী সাত দিনের মধ্যে বাসার সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তোমার সাথে সারাদিনে অসংখ্যবার আমি কথা বলি। নানান রকম কথা বলি। তুমি এক আকাশ ভালোবাসা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকো। তুমি আমার কথা হয়তো বুঝো না। কিন্তু হাসো। খুব হাসো। তোমার হাসি ভালোবাসি।
ফারাজা তাবাসসুম খান ফাইহা-
তোমাকে নিয়ে মাঝে মাঝে বিকেলে ছাদে যাই। ছাদে গিয়ে তুমি অবাক হয়ে চারপাশ দেখো। তুমি তোমার মায়ের কোলে বসে থাকো। আমি গাছে পানি দেই। আগাছা পরিস্কার করি। এবার পেয়ারা গাছে অনেক পেয়ারা এসেছে। সব গুলো যদি টিকে যায়। তাহলে অনেক পেয়ারা পাওয়া যাবে। আমার ইচ্ছা আছে একটা পেঁপে গাছ লাগানোর। তোমার ছয় মাস হয়ে গেলেই নিজের হাতে লাগানো গাছের পাকা পেঁপে তোমাকে খাওয়াবো। ভালো পেঁপে গাছের চারা পাচ্ছি না। সমস্যা নেই। ব্যবস্থা করে ফেলব। সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য প্রচুর পুষ্টিকর খাবার খেতে হয়।
প্রিয় কন্যা আমার-
সারাদিন তুমি অনেক কথা বলো। অথচ তোমার কোনো কথাই বুঝি না। শুধু তোমার হাসি দেখে সব বুঝে নিতে চেষ্টা করি। গতকাল আমি তোমার পাশে ঘুমিয়েছি। টানা এক ঘন্টা তোমার সাথে কথা বলেছি। তুমি আমার কথা গুলো খুব মন দিয়ে শুনেছো। ইদানিং তুমি হাত খাওয়া শিখেছো। মুখের মধ্যে হাত দিয়ে রাখো। নিজের হাত নিজেই চুসে খাও। এই হাত খাওয়া তোমাকে শিখিয়েছে ভাবী। একদিন তুমি কাদছিলে তখন ভাবী তোমার হাত তোমার মুখে দিয়ে দেয়। তুমি কান্না থামালে। এই হয়ে গেলো তোমার হাত খাওয়ার অভ্যাস। এখন প্রায় সারাক্ষনই তুমি মুখে হাত দিয়ে রাখো।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




