কোথাও বেড়াতে গেলে সাথে ক্যামেরা নিয়ে যেতে হবে কারণ ব্লগে পোস্টাইতে হবে, কোন কিছু দেখলে-শুনলে সবার আগে মনে পড়ে- ব্লগে বিষয়টা শেয়ার করতে হবে, অত:পর নাওয়া-খাওয়া বাদ দিয়ে কিবোর্ডের চল্টা উঠানোর মহড়া চলানো। ব্লগ আছে বলেই দুদন্ড কারো সাথে কথা বলা যায়। এখানে চাইলে নস্টালজিক হওয়া যায়, পাগলের মতো খ্যাক খ্যাক করে হাসা যায়, কাউকে কষে গালিগালাজও করা যায়। এখানে আপনার অতি-উচ্চমার্গীয় অখাদ্য কবিতা গেলানোর জন্য বহু পাবলিক পাবেন। ব্লগ না থাকলে আপনি প্লাস কোথায় পেতেন শুনি; কোথায় পেতেন মাইনাস। কাকে পড়াতেন আপনার মনের আনন্দে ভুল বানানে রচিত অমর সাহিত্যকর্ম। ব্লগ ঘুরে ঘুরে পাওয়া এই প্লাস শেয়ার মার্কেটে বিক্রি করা যায়না, রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংকে ডিপোজিট করা যায়না, তবু এই প্লাস পেলেই কিনা আনন্দে আপনার দাত গুলো বেরিয়ে আসে, আকর্ণ বিস্তৃত এগাল-ওগাল হাসি জোসনার নিরব আকাশে বিশৃংখলা বাধায়। এখানে মান অভিমান চলে, ডাকসাইটে প্রেমও চলে। এখানে আছে আলোচনা-সমালোচনা-ভালবাসা-ঘৃণা। নিরবে কিছু ভাবছেন? সত্যি করে বলুনতো, ভাবনাগুলোর পেছনে ব্লগ কোন ফ্যাক্টর না। এখানে সময় যেন অপেক্ষা করে আছে আপনাকে সঙ্গ দেবার জন্য। কি মাঝরাত, কি ভরদুপুর। মনের ভাবনার কাদামাটি পুড়িয়ে যেন শব্দইট তৈরির এক মহা কর্মযজ্ঞ।
শব্দইটের তৈরি ব্লগ আসলে সময়ের দাবি। অতীতে কেউ একজন হয়তো জানতো- ভবিষ্যতে মানুষ যেহেতু মহাব্যস্ত ও বিছিন্ন হয়ে পড়বে, তাদের কাছাকাছি আনতে আর্বিভাব হবে ব্লগের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



