গুজবের ধরন দেখে মনে হচ্ছে, এরা এক ঢিলে অনেক পাখি শিকার করতে চায়। প্রজন্ম চত্বরের আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের সংহতি থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এটা কোনো রাজনৈতিক দলের আহবানে চলমান কোনো আন্দোলন নয়, এটা সবার মনে রাখা দরকার। এটা সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে সংগঠিত একটা আন্দোলন, যেখানে সর্বস্তরের সাধারণ মানুষের হৃদয়ে জমে থাকা ৪২ বছরের বিষবাষ্প একসঙ্গে উদগীরণ হচ্ছে। এই আন্দোলনকে দলীয় বানানোর চেষ্টায় যেমন ভয়ংকর পরিণতি হতে পারে, তেমনি এই আন্দোলনকে গুজব দিয়ে দমানো যাবে না।প্রজন্ম চত্বরে কেউ আসলে সাধারণ জনগণের মত আসবেন। বস্তাপচা রাজনীতির গন্ধ ছড়াতে দয়া করে আসবেন না। মুখোশধারী রাজনীতিবিদদের চেয়ে আমাদের কাছে সাধারণ মানুষের হৃদয়ের আবেগের দাম অনেক বেশি।
বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠানকে বলব, আপনারা এই আন্দোলনে সংহতি জানানোর জন্যে প্রজন্ম চত্বরে এসে বক্তৃতা করার দরকার নাই। সংহতি প্রকাশ করার জন্যে বক্তৃতা করতে হবে এই রীতিটা দয়া করে ভুলে যান। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সংহতি প্রকাশ করুন। প্রেসক্লাবে সাংবাদিক সম্মলেন করে সংহতি প্রকাশ করুন। টেলিভিশনে প্রেসনোট পাঠিয়ে সংহতি প্রকাশ করুন। দয়া করে প্রজন্ম চত্বরে এসে বক্তৃতা করে সংহতি প্রকাশের পুরানা বাতিক ত্যাগ করুন। আমরা প্রজন্ম চত্বরে কারো বক্তৃতা শুনতে যাই না। পুরানা বক্তৃতা আর শুনতেও চাই না। নতুন বক্তৃতা দেবার মতো মেধা, ধীশক্তি, তেজ, ভাষাজ্ঞান, সবই তরুণ প্রজন্মের আছে। সেটাকে বরং সম্মান করতে শিখুন। আপনি কাউকে সম্মান করলে আপনিও সম্মান পাবেন। সর্বস্তরের মানুষের হৃদয়কে সম্মান করার অভ্যাস গড়ে তুলুন। সবকিছু নিয়ে রাজনীতি করার সুযোগ নেই।
বিগত ৪২ বছরে আমাদের অসুস্থ রাজনীতি থেকে সাধারণ মানুষ অনেক আগেই নিজেদের গুটিয়ে নিয়েছে। এখন আপনাদের জনসভায় টাকার বিনিময়ে লোক ভাড়া করতে হয়। ঘণ্টা ওয়াইজ পেমেন্ট করতে হয়। তারপরেও আপনাদের শিক্ষা হয় না। কিন্তু প্রজন্ম চত্বরের এই আন্দোলনে কাউকে পেমেন্টের বিনিময়ে ভাড়া করা লাগে নাই। ভবিষ্যতেও লাগবে না। নতুন প্রজন্মের থেকে আপনাদের মুখোশের রাজনীতির একটা শিক্ষা আপনারা ইতোমধ্যে শিখে গেছেন।
দয়া করে এটা নিয়ে রাজনীতি করার কেউ চেষ্টা করবেন না। প্রজন্ম চত্বরের দাবি এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ ভূখণ্ড ছাড়িয়ে এই আন্দোলনের দাবি এখন নিউ ইয়র্ক, ম্যানহাটন, টরেন্টো, সিডনি, লন্ডন, জেদ্দা, মস্কো, মিউনিখ, টকিও, প্যারিস, জেনেভা, স্টকহোম, অসলো, জাকার্তা, কুয়ালালামপুর, দুবাই, আটলান্টিকের এপার ওপার, সুমেরু থেকে কুমেরু, পূর্ব থেকে পশ্চিমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর যেখানেই বাংলা ভাষার মানুষ আছে, সেখানেই আজ প্রজন্ম চত্বরের আগুন ছড়িয়ে পড়েছে। এই আগুন নিয়ে কেউ বৃথা খেলার চেষ্টা করবেন নাম প্লিজ।
মিডিয়ার প্রতি অনুরোধ, গুজব ছড়ানোর কাজে আপনারা জড়াবেন না। মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ালে সাধারণ মানুষ আরো বেশি কষ্ট পাবে। যারা শাহবাগ যান নি। তারা শাহবাগ আসুন। এসে তরুণ প্রজন্মের মনের আগুন নিজ চোখে দেখে যান। ঘরে বসে গুজবে কান দিয়ে সেই গুজবকে অন্যের মাঝে ছড়িয়ে দিয়ে আপনি বৃথা রাজাকার হবার চেষ্টা করবেন না। আমরা শাহবাগে আছি। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। নতুন প্রজন্ম জেগেছে এবার। বাংলা হবে রাজাকারমুক্ত, কংকালমুক্ত, অসুস্থ রাজনীতিমুক্ত স্বাধীন বাংলাদেশ। আপোষের দিন শেষ। চলো চলো, শাহবাগ চলো। জয় বাংলা। জয় বাংলাদেশের সাধারণ মানুষের। জয় নতুন প্রজন্মের, জয়।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




