
জায়নামাজটা তেমনি আছে,
বিপদে না পড়লে কেউ পাশে ঘেঁষে না ওর,
চশমার কাঁচে ফাটল ধরেছে হয়তো
নিছক অসাবধানতায়,
কোরআনের গিলাব জুড়ে জমে আছে ধুলো।
এ যেন তোমার স্মৃতিতে ধুলো জমে যাওয়ার স্বীকারোক্তি।
সবকিছু ঠিকঠাক জীবন নেই তো থেমে-
পৃথিবী দাপিয়ে বেড়ায় তোমার দেহের অংশেরা,
অথচ তুমি নেই বাবা !
আমরা জীবিতদের নিয়ে খুব ভাবি
মৃতদের নিয়ে নয়
দেখা হয় না তাই তোমাকে
স্বপ্নতেও তুমি ফিকে
তারপর ও তোমাকে ভীষণ মনে পড়ে বাবা-
ঝাপসা হয়ে আসে চোখ
কষ্টেরা গলে গলে পড়ে জল হয়ে
গুচ্ছ বর্ণে তা থেকে যায় আংশিক অপ্রকাশিত।
কারণ -
কবিতায় সব কষ্ট বলা যায় না !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


