
আমাদের রাস্তাগুলো সব ভাঙ্গতে হবে। খুব বেশি ভাল হয়ে গেছে যেসব রাস্তা, খুব বেশি মসৃণ আর সোজা যেগুলো। আমাদের স্বভাব এমটা যে ভাল কিছু আমাদের ভাল লাগে না। ব্যাস্ত ঢাকা শহরে খুব বেশি দুর্ঘটনা হয় না সারাদেশের তুলনায়। এর মূল কারণ আমাদের সচেতনতা নয়—যানজট, জনজট, মন্ত্রী, পাতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিদেশি অতিথি, ভিভিআইপিদের জন্য রাস্তা বন্ধ করা, ট্রাফিক পুলিশের গাড়ি খাড়া করিয়ে চাঁদাবাজি। ঢাকার রাস্তা একটু ফাঁকা হলেই দেখতেন দুর্ঘটনা কাকে বলে। হঠাৎ হঠাৎ খালি রাস্তা পেলে ড্রাইভার বেপরোয়া হয়ে ওঠে। আর এ-কাজে যাত্রীরা ড্রাইভারকে উৎসাহ যোগায় নয়ত মুখে কুলুপ এঁটে বসে থাকে। আজ সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চার জন মানুষ প্রাণ হারিয়েছেন। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত রাস্তাটুকু খুবই সুন্দর, বেশ সোজা। এখানে এসে ড্রাইভার বাদশাহ হয়ে যায়, রকেটের মত ছুটতে থাকে। সেতুটি করার সময় অর্ধচন্দ্রাকৃতি করে তৈরি করা হয়েছে যেন গাড়ি-চালকের মনোযোগ বিচ্যুত না হয়। সেতুর ডিজাইনারদের হাজারবার ধন্যবাদ ওঁরা আমাদের চরিত্র ধরতে পেরেছিলেন। আর কত মৃত্যু! কত মাতা, কন্যা, স্ত্রী, সন্তানের আহাজারি! সেতুর পূর্ব ও পশ্চিম অংশে যে পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটেছে দেশের আর কোথাও ঘটেনি। তাই বলছি এলেঙ্গা থেকে হাটিকুমরুল পর্যন্ত সড়কটি ভেঙ্গে জরাজীর্ণ করা হোক—আমরা এমন রাস্তার উপযোগী নই!
সূত্র
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



