
জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের কার্যালয়।
এভাবেই চলে যায় দিবস-রজনী,
অত্যাচারে চারপাশ বিভীষিকাময়-
রোখার বুকের পাটা কার আছে শুনি!
যে দাঁড়াবে তার বেঁচে থাকা সোজা নয়।
অথচ গণেশ যখনই উল্টে যাবে,
তার মতো অসহায় কে থাকবে আর?
ধর্মের বাণীও সে দেদারসে ছুড়বে-
চাপার জোরে ধরিত্রী করায়ত্ত তার।
কাল ভুজঙ্গ করছে পায়ে দংশন-
আবার সে ধরছে ঘাঘু ওঝার বেশ।
তার লীলা দেখে হতভম্ব জনগণ;
এ ধারাবাহিকতার বুঝি নেই শেষ!
২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা।
ছবি: এআই
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



