ফেরিওয়ালার মিঠাই কিনে খেলো পোলাপান
এমন মিঠাই তোমার স্বর জুড়াইলো পরান।
সুন্দরবনে মধু আছে, আছে বাঘের ভয়
এমনই ভয় বুকের ভেতর কইতে মনে লয়।
আমিয়াখুম ঝরনা যেমন ঝরে ছলাৎছল
তেমনি তোর খোলা চুলে মাতাল হাওয়ার দল।
ঝিঙ্গেফুলে ভ্রমর আসে কি জানি কি কথা হয়
মনে আমার জমাট কথা কইতে মনে লয়।
নারিকেলের পাতার ফাঁকে চাঁদ হাসে যেমন
কপালে তোর টিপের মায়া জোৎস্না ছড়ায় তেমন
জানলার পাশে লতায় ফুল গন্ধে আকুলময়
মনে ফোটে কথার খই কইতে মনে লয়।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




