১। যদি বলো
আমরা যা বলি সবই ডাঙ্গুলি
ওরা যা বলে দশজনে চলে
দশজনে শ কমেন্ট বিশ জনে
সহস্র, আমরা বরাবরই নিরস্ত্র ।
আমরা ধূর তেরি ছাই
আমরা কলা-রুটি খাই
ওরা খায় রাজভোগ
আমরা মানে দূর্যোগ
আমরা মানে কাকা
আমরা মানে খাখা
আমরা মানে যাতা।
আমরা থাকি লেপ্টে ময়লা বালিশে
ওরা থাকে ম্যাট্রেস মাদুরে বিলাসে
আমরা থাকি গাছতলা ছাদতলা নিবাসে
ওরা থাকে জীবনভর নবাবী জৌলুসে।
আমরা মানে বাপ মা নাই
এতিম অসহায় শূন্য বাসস্থান
আমরা মানে মানহীন ছন্দহীন প্রাণ
আমরা মানে অকালে মৃত্যুর গান।
ওরা মানে ঘিরে থাকে প্রজা শতশত
ওরা মানে চারিদিকে পুষ্প অবিরত
ওরা মানে সোনার চামচ ওরা মানে
ঘিয়ে মাখা তনু, ওরা মানে পৃথিবী নতজানু।
আমরা মানে যতই করো তাইরে নাই
আমরা মানে তোমাদের জ্ঞাতি খুরো ভাই
আমরা মানে যতই বলো যাচ্ছে তাই
আমরা মানে শেষাবধি তোমাদের বাঁচাই।
যদি থাকে কস্মিনকালে লাজ শরমের বালাই
ফিরে দেখো হাতটি ধরো দেশটি চালাই
যদি বলো গণতন্ত্র ধনতন্ত্র সব আমার হাতে
আমি তবে বলি শোন নেই তোমার সাথে ।
২। কেন
ঘুরিয়ে প্যাঁচিয়ে না খেয়ে একদম সহজ করে খাও
অন্নটা পেয়েছো সহজে সরল তরিকায়
তাই প্যাঁচিয়ে পাঁচ করে না খেয়ে অকপটে খাও
খাওয়া শেষে ঈশ্বরের বদান্যতার প্রশংসা করো।
না নিমক হারামের মত সেটুকুও করবে না
প্যাঁচিয়ে খেতে খেতে প্রতিটি অঙ্গে প্যাঁচ লেগে গেছে
তাই প্রশংসার বদলে বিবাদের ঝড় তোলো অঙ্গে অঙ্গে
ঈশ্বরের প্রশংসা না পারলে মানুষের স্তুতিতে দিন গুজরাও।
পথের ধারে যে শিশুটি খাবারের বদলে তুলে নিচ্ছে উচ্ছিষ্ট
তার দিকে চোখ গেছে কখনো?
তার কান্নায় কর্ণপাত করেছো কখনো?
আমি বলবো চোখ গেছে তবে দৃষ্টি---যায়নি
ভান করেছো চোখে জল--- আসেনি
কানে গুজে আছো সোনার বালা----শুনতে পাওনি।
যে শিশুটি আজ খাবারের বদলে জঞ্জাল তুলছে মুখে
সরলভাবে সামান্য ক'টা অন্ন মুখে জুটছে না
সে শিশুটি কি এ দেশের না?
তার দেশ কি বাংলাদেশ নয়?
নিরুপায় হয়ে যদি বলো---হ্যা!
তবে তার মুখে কেন অন্ন জোটেনা
তার ঠোটে কেন হাসি ফোটে না।
ছবিঃ নিজস্ব এ্যালবাম। (স্থানঃ ছবির হাট)
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


