১। গৌরচন্দ্রিকা
আমার অহংকার বলতে একটা শান্ত হ্রদ
কিছু জল কিছু জলজ উদ্ভিদ।
বিকেলের পিঙ্গল আকাশ
গোধূলীর শীতল হাওয়া
প্রতিদিন উঁকি দিয়ে যায় জলের মুখে
এক মাছরাঙা দম্পতি হিজল ডালে
স্থানু এক নীড় বেঁধে ছিল
তারাই ঘুরে ফিরে দেখে রাখতো তাকে।
একবার পথ ভুলে হ্রদপাড়ে
এক স্বর্গীয় অপ্সরা নেমে এসেছিল
কিছু অতিথি পাখিও জুটেছিল সেবার
বিনা আয়োজনে আমার হ্রদটা
সেজেছিল এক বর্ণিল নন্দন।
আমার যত্তসব প্রেমের কবিতা
এই স্নিগ্ধ হ্রদ আর পৌষালী
সেই দিনগুলো ঘিরে
আর একটু ইংগিতে বললে
সেই অপ্সরা আচানক হেসে উঠতে পারে
মাছরাঙা দম্পতিকে সাক্ষ্যি নাইবা মানলাম।
২। এখানে আর কিছুই হলো না
এখানে আর কিছুই হলো না
শুধু একটা সূর্য পূর্ব থেকে পশ্চিমে
একটা চাঁদ পশ্চিম থেকে পূর্বে
আবার পূর্ব থেকে পশ্চিমে গেল
একটা দিন শূন্যে উড়াল দিল
যেমন একটা পাখি পশ্চিমে
---গোধূলীতে।
এখানে আর কিছুই হলো না
উঠতে বসতে শুতে জাগতে
হেলায় ফেলায় খেতে যেতে
দিন গেল বছর গেল
---আয়ু ফুরালো।
ভালবেসে বিনতি একবার
বেলী ফুলের মালা দিয়েছিল
মায়ের দেয়া কালো টিপটা
এখনো ললাটে গেঁথেই আছে।
ও দুটো উপহার আজ আমার সম্বল
মায়ের দেয়া আদর স্নেহ মমতাই আজ
ঘোর শীতের উষ্ণ কম্বল
বাবার দেয়া হাওয়াই চপ্পল পায়ে
চললাম ঐ সুদূর মেঠোপথে
নিঃসীম প্রাজ্ঞ এই অন্ধকার রাতে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


