নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক
তৃতীয় বিশ্বের এই দেশটিতে নারীরা অধিকাংশ ক্ষেত্রে যেভাবে অপমানিত ও লাঞ্ছিত হয় পৃথিবীর অন্য কোথাও এমনটি হয় বলে মনে হয় না। আমাদের দেশে নারীর তুলনা হয় পণ্যের সাথে- যা নারী জাতির জন্য অপমানজনক। পুরুষ প্রধান এদেশে নারীর কথার বা মতামতের যেন কোন মূল্য নেই। অশিক্ষিত সমাজের কথা বাদ দিয়ে শিক্ষিত সমাজের দিকে দৃষ্টিপাত করলেও তা প্রকটভাবে ধরা পড়ে।
অনেক শিক্ষিত পুরুষ তাদের স্ত্রীদের ঘরের পুতুল বানিয়ে রাখেন। ফলে সুশিক্ষিত হয়েও সে সমাজে নিজেকে তুলে ধরতে পারে না অর্থাৎ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে জীবন অতিবাহিত করে। আমাদের দেশে অধিকাংশ পরিবারের অভিভাবকরা মেয়ের বিয়ে দিয়েই তাদের কর্তব্য সমাপন করতে চান। কিন্তু মেয়ের সামগ্রিক দিক নিয়ে মোটেই ভাবেন না। শিক্ষিত মেয়ে যারা স্বনির্ভর হওয়ার জন্য চাকরি করে তাদের সমাজ কিছুটা অন্যচোখে দেখে। আবার মাস্টার্স ডিগ্রি অর্জন করা মেয়েকে অতিবয়স্ক বলে মনে করা হয় যা অত্যন্ত বেদনাদায়ক। তাই দেশের ও সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের সকলকে সুশিক্ষিত ও উদার হতে হবে। নারী-পুরুষে ভেদাভেদ না করে সবাইকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। সমাজ হতে এ কালিমা দূর করতে সকলকে এগিয়ে আসতে হবে। তাই আসুন আমরা নারীকে একজন মানুষ হিসেবে সম্মান করতে শিখি।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



