
দেখ, অচেনা প্লাবনে আজ ভেসে যায় সব-
শক্ত পাথর জমা যত সংস্কার - শিমুল তুলোর মত,
ভেসে যায় - ঘেরাটোপ সংসার ,
নামের সাথে সেঁটে যাওয়া সুশীল তকমা,
রসুইঘর, সাজানো বইয়ের তাক, নোটখাতা,
সাফল্য পাহাড়চূড়া - ভেসে যায়।
সমস্ত আকাশজুড়ে যতদূর চোখ যায়
পেঁজা পেঁজা সুখেদের ওড়াউড়ি
আমার দুহাত জুড়ে তোমার দুহাত।
বাকি সব ভেসে যায়
অনন্ত প্লাবনে ।
আমাকে ভাসাও তুমি-অকাতরে -
চেয়ে দেখে জ্যোৎস্নান্ধ পেঁচা
আর দূরের আকাশ ।
এইরাত এইদিন পার হয়ে-
অনেক অনেকদিন পর একদিন -
পিছনে তাকালে -
এইসব স্মৃতি কী হবে -দোলনচাঁপা ঘ্রান -
দ্রবীভূত সুখ হয়ে ভাসবে বাতাসে ?
এইসব স্মৃতি কী হবে - ঝরাপাতা
অলক্ষ্যে মিশে যাবে ধূলিতে ধূলিতে ?
অথবা-
এইসব স্মৃতি কী হবে গুপ্ত কোন ক্ষত -
নিরাময়হীন বয়ে বেড়াতে হবে আজন্ম,
একাকী অন্ধকারে- বিমর্ষ- গোপনে ?
----------------------
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




