ভালোবাসার বিষাদ জোছনামাখা রাত
দূর হতাশার আঁধারে মুখ ঢেকে
তবু জেগে থাকে পৃথিবীর চোখ অমিত সম্ভাবনায়;
শুধু মনে হয় একদিন দূর হয়ে যাবে
সব জীর্ণ মতবাদ, একদিন পৃথিবী
আবারো সাজিবে নববধূ সাজ ,
আনন্দলোক আবারো উঠিবে জেগে
আবারো আসিবে রাঙা প্রভাত
ভোরের আবির মেখে, মুক্ত পৃথিবীর বুকে।
রংধনুর সাত রঙ উঠিবে আবার
বৃষ্টি বিধৌত পরিচ্ছন্ন পৃথিবীর আকাশে,
ইতিহাসের পাতায় আবারো লেখা হবে
বিশ্ব মানবতার বিজয়ের ইতিহাস।
পরিবর্তিত বিশ্বে ব্যথা ভরা কাব্য গুলো
পাতা ঝরা মর্মর ধ্বনিতেই মিশে যাবে
সময়ের কড়াল গ্রাসে । তবুও টিকে রবে
মানব ভ্রূণ, আরও পরিচ্ছন্ন
আরও পুত পবিত্র পৃথিবী দৃষ্টি গোচর হবে
ধ্বংস হবে প্রহেলিকা,
শুধু টিকে রবে আমাদের অপ্রগলভ প্রেম
চিরন্তন শাশ্বত সুন্দর রূপে।
আবারো হবে অবসান রূদ্ধদ্বার বন্দী জীবনের
অসত্য বিনাশ হয়ে আমাদের দুজনার
প্রেম ঠিকই রয়ে যাবে,
নতুন এক মানবিক বিশ্বে ।
ধরে নাও, এ বন্দী জীবন নয়
ধরে নাও, এ শুধু ক্ষণিকের শীতনিদ্রা
ধরে নাও, এই ক্ষণ পূর্ব প্রস্তুতির
সম্ভাবনার অঙ্কুরোদগমে,
এ যে নিয়তি, স্রষ্টার অমোঘ বিধান ..
আবারো তোমার আমার প্রেম হবে ;
কবিতার সম্ভারে ঐশ্বর্য লয়ে বুকে
প্রচণ্ড জৌলুশে; যেমন করে শীত শেষে
বসন্ত আসে ভালোবাসার আবির মেখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

