যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “এক কথায় বলতে পারি অর্থমন্ত্রীর অবাস্তব অবস্থানই সময়মতো পদ্মার মূল সেতুর কাজ শুরু করার ব্যাপারে বাধা হয়ে দাঁড়িয়েছে।” আজ সাভারে মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘অর্থমন্ত্রী মাঝে মাঝেই কিছু সুইপিং রিমার্কস করেন। যেটা মানুষকে হতাশ করে। আমাদের মতো ব্যক্তিদের ভেবেচিন্তে দায়িত্বশীল মন্তব্য করা উচিত।’
পদ্না সেতুতে রাশিয়া ও চীনের প্রস্তুাব অগ্রহণযোগ্য উল্লেখ করে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে যোগাযোগমন্ত্রী বলেন, “তাদের প্রস্তাব দেবার এক দিন যেতে না যেতে অর্থমন্ত্রীর এ ধরনের মন্তব্য জনগণকে হতাশ করেছে।”
অর্থমন্ত্রীকে ইঙ্গিত করে যোগাযোগমন্ত্রী আরো বলেন, “তিনি লেখাপড়া জানা মানুষ। একদিন যখন তিনি আত্মজীবনী লিখবেন তখন তিনি স্বীকার করবেন তার অবাস্তব অবস্থানের কারণেই পদ্নার মূল সেতুর কাজ সময় মতো শুরু করা যায়নি।”
তিনি বলেন, “পাচঁ সিটিতে আওয়ামী লীগের পরাজয়ে আমাদের নেতাকর্মীদের মনোবলে ধাক্কা দিয়েছে।” বিষয়টিকে সাপে বর বলে মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, “প্রশ্ন হচ্ছে যে ভুল ক্রটি থেকে সংশোধন ও তা স্বীকার করে নেয়াই গুরুত্বপূর্ণ। তবে আওয়ামী লীগ জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়।”
রাজধানীর যানজট প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, “সায়দাবাদ ও যাত্রীবাড়িতে ফ্লাইওভার নির্মাণের কারণে যানজট হচ্ছে। এছাড়াও বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন দল ও রাজনৈতিক সংগঠনের অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।যার জন্যে যোগাযোগ মন্ত্রাণালয় কোনোভাবেই দায়ী নয়।তা সত্ত্বেও আমি দায় এড়াতে পারি না।”
ঈদে ঘরমুখো মানুষদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সর্বাত্বক ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “যানজট আর ভোগান্তি হয়তো নিরসন করা যাবে না, তবে সহনীয় সীমায় আনাই হবে আমাদের মূল লক্ষ্য।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


