খুব সহজেই কি কাঁপিয়ে দিতে পারে?
জমিয়ে দিতে তারে
এই হাতে রাখা হাত দুটো,
এমন করে তাকাও কেন?
অনেক ভুল করেছি যেন
চাদরের গায়ে তো একটুই ফুটো।
জীবনের বাঁকে, ঐ চায়ের কাপে,
থমকে থমকে, তোমার মধুর অভিশাপে,
একদিন ঠিকই বদলে যাব,
চিনতে পারলে চুপিসারে
হাতটা ধরে বারে বারে
বলে দিও, এক কাপেই চা খাব।
এই চাদর গায়ে
গুটি গুটি পায়ে
চলে যাচ্ছ দূরে,
আমি হাত ছেড়ে
বিদায় ছলে নেড়ে
ভিতরে ভিতরে যাচ্ছি পুড়ে।
ছেড়া চাদর স্মৃতি করে রাখবে জানি,
ঘামে ভিজে একদিন ফিরবে অভিমানী,
আমি শুধু দেখতে পারি,
চলে যাওয়া
কিংবা ফিরে পাওয়া
সব কেন তোমার হাতেই ছাড়ি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



