কত কিছু দেখেও না দেখার ভান করে থাকি,
কত কিছু শুনেও শুনিনা মনে করি,
কত কিছু বুঝেও এড়িয়ে চলি!
আগে যা চাইলেও পারতাম না।
এর নাম বড় হওয়া, বড় হচ্ছি রোজ একটু একটু করে
জ্ঞানে, বুদ্ধিতে, জাতে আর কাজে।
হয়তো মানুষ হতে গিয়ে ভিন্ন কিছু হচ্ছি
নয়তো সত্যিকার মানুষ হচ্ছি।
পার্থক্য বুঝে আসেনা
এর মানে আমি এখনো বড় হতে পারিনি!
তবে, বড় হচ্ছি রোজ একটু একটু করে।।
কেমন আছে দেশ?
আমি কেমন আছি?
এসব নিয়ে ভাবতে গেলেই একটা শকুন দেখতে পাই
দিগন্তে ডানা মেলে উড়ছে, বেদম উড়ছে
জমিনে ছড়ানো শত শত লাশ, গলিত আর অর্ধ-গলিত!
চারদিকে কোটি কোটি ভয়ংকর মুখ
শুধু আর্তনাদ, আহাজারি আর কান্নার শব্দ
এক টুকরো সবুজ নেই, প্রশান্তির বাতাস নেই।
মানুষ কেবল ছুটছে ছুটছে!!
সবাই এসব দেখেও না দেখার ভান করে আছে
কারো আর্তনাদ কেউ শুনছে না
সব বুঝেও সবাই এড়িয়ে যাচ্ছে।
আমিও কবি হয়ে ঝিম মেরে কবিতার লাইন খুঁজছিলাম
দেশ কেমন আছে আমরা কেউই জানিনা
তবে আমি ভালো আছি, বড় হচ্ছি রোজ একটু একটু করে।।
(অনুভূতি/শামীম মোহাম্মদ মাসুদ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




