ঘড়ির কাঁটার বেগ বেড়েছে,বাড়ছে যেমন নিশি
আসবে কখন আমার ঘরে ঘুমপাড়ানী মাসি?
ঘুমপাড়ানী মাসিপিসি একবার তুমি আসো,
সাজানো-গুছানো খাট-পালংক যেখানে চাও বসো।
ঘরে আমার আসন পেতেছে রাতজাগানী পিসি,
ডাইনী বুড়িই তাড়ায় বুঝি তোমায় ওগো মাসি?
মাসি তুমি এদিক-ওদিক সবার কাছেই যাও,
আমার ঘরে আসতে গেলেই উল্টোটান নাও!
মাথা বড্ড ঝিম ধরেছে, পুড়ছে চক্ষু দু'টি,
তাড়াও ডাইনী বুড়িটাকে,ধরে চুলের মুঠি।
আসবে তুমি-অপেক্ষাতেই রাতের শেষ প্রহর,
তোমার কোলে ঘুমাব ভেবে আসে ঘুমের ঘোর।
সবার বাড়ি আগে যাও,আমিই কেন শেষে?
মাসি একবার আসোনা জলদি,আমার মায়ের বেশে।
তোমার কোলে রাখব মাথা,ঘুম পাড়াবে তুমি,
রাত নামতেই ঘুমের দেশে পাড়ি দিব আমি।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



