পৃথিবীর সবচেয়ে কোমল অনুভুতি,
আম, আমলকি, নাশপাতির মত সবুজ;
কিংবা পৃথিবীর সুপ্ত কোন স্বচ্ছ নদী-
দুপুর রোদে চিক চিক করে যার জল;
মিহিন গলার সুরেলা কোন বুনো পাখি-
নরম পালকে ছেয়ে থাকে যার ডানা;
আমি তোমার কাছে খুঁজেছি সেই সব,
হেমলক বিভ্রমে।
পদ্ম পাতায় বিন্দু বিন্দু জল জমায়েছি
তুখোড় ভুলের দিনে,
তোমার আঙ্গুলে আঙ্গুল রেখে যেখানে
থেমে যেত একেকটি বিকেল
সেখানে ঘোর ছিল বিড়ালের চোখের মত,
ছিল মেঘের মত জমানো ভাবী কান্না।
প্রেমের শুদ্ধতম প্রতিশ্রুতি বুকে কত রাত,
জেগেছিল ধ্রুবতারা বুকে ,
প্রলয়ের চাষাবাদ সেই সব রাতে
জেনেছি হয়েছিল নির্মম খেয়ালে।
তিলোত্তমা ফানুসের পিছে বহুদুর ছুটে
অবশেষে জেনেছি আলেয়ার কথা,
জেনেছি এতদিন যে হাত ধরে হেঁটেছি স্বপ্নলোকে,
সে কোন অশরীরি ছায়া।
শেখ আহমেদ ফরহাদ
১০ ডিসেম্বর ২০১৫
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




