
পাথরের উপর ব্যাগটা রেখে বসে আছি আমি। শেষ বিকেলের আলো ছড়িয়ে পড়েছে আশেপাশে। সাথে জ্যাকেট আছে। সন্ধার পরই ঝট করে নাকি ঠান্ডা নামে। চারিদিক নি:শব্দ। একটা শব্দ পর্যন্ত পাচ্ছিনা। মানুষ তো নেই এমনকি আমি কোন পাখিও দেখতে পাচ্ছিনা। সামনে বিশাল নির্জন প্রান্তর।
অ্যারিজোনার এই বিষ্ময় দেখার জন্যে কত দূর থেকে এসেছি। কিন্তু কেন জানি মনটা খারাপ হয়ে আছে। হেলিকপ্টারটা আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। আসবে দু ঘন্টা পর। একটু দূরেই ঢালটা শুরু হয়ে গেছে। নেমে গেছে অনেক অনেক নিচে। জিনিসটা দেখতে একটা অতিকার সাইজের পুকুর। শুধু পানি নেই এই পার্থক্য। পাথুরে এলাকা। হাজার হাজার বছর আগে উল্কা পড়ে সৃষ্টি হয়েছে এই গর্তের। কি বিশাল তার ব্যপ্তি।
আমি তাকিয়েই আছি তাকিয়েই আছি। তেমন কিছু দৃষ্টিনন্দন কিছু নেই তবুও তাকিয়ে আছি। তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো।
হাতঘড়িটার দিকে তাকালাম। সাড়ে চারটে বাজে। বাংলাদেশে এখন শেষ রাত। মানুষগুলো সব ঘুমুচ্ছে, অথচ আমি জেগে আছি। কি অদ্ভুত, তাই না !
আর আধাঘন্টা পরেই হেলিকপ্টারটা আসবে। চলে যাবো আমি।
এই নির্জন প্রান্তরের বিষন্নতা আমাকে পেয়ে বসলো। কেন এসেছি আমি এখানে জানো ?
দশ বছর আছে এক মেয়েকে কথা দিয়েছিলাম দেখা হবে এখানে। আজ সেই দিন। আমি জানি মেয়েটা আসবে না। আসলে আসার কোন সম্ভবনাই নেই। কেন এই পাগলামি করলাম আমি জানিনা।
এক ঝলক বাতাস বয়ে গেল। বেশ ঠান্ডা। আবার বিকেলের হালকা গরম গরম রোদ। আরও কয়েকটা মিনিট পার হয়ে গেল।
তার আসার কথা ছিল চারটার দিকে। আমি বসে আছি তার পথ চেয়ে। বিশাল বড় পাগল আমি। আসলে পাগলামী আছে বলেই তো জীবন আনন্দে ভরা।
আবার হাতঘড়ির দিকে তাকালাম, পোনে পাঁচটা বাজে। বিশাল নির্জন প্রান্তরে আমি একা। দু পা হাত দিয়ে জড়িয়ে ধরে থুতনি ঠেকালাম হাটুতে। বসে রইলাম।
আরও কিছু সময় কেটে গেল। ঠিক পাঁচটা বাজে। অনেক দূরে হেলিকপ্টারের কালো বিন্দু চোখে পড়লো। আমাকে নিতে চলে এসেছে।
উঠে দাড়ালাম। জোরে একটা আড়মোড়া ভেঙে জ্যাকেটটা হাতে নিতেই পেছনে চোখ গেল। বিশাল বড় একটা পাথরের উপরে বসে আছে সে। পা নাড়াচ্ছে আলতো ভাবে। ভেসে এলো সেই øিগ্ধ স্বর। এসেছি তো।
আমি অসম্ভব অবাক হয়ে তাকালাম। সত্যিই এসেছে ?
দু হাত দিয়ে চোখ ঘসে আবার তাকালাম। কেউ নেই আসলে। বিশাল বড় পাথরটা আছে কিন্তু সে নেই। আমি জানতাম সে আসেনি, সে আসবে না।
হেলিকপ্টারের কাঁচে নাক ঠেকিয়ে চেয়ে আছি নিচের দিকে। পাইলট এন্ডারসন বললো, তোমাকে খুব বিষন্ন লাগছে।
আমি শুধু মাথা নাড়লাম।
এন্ডারসন বললো, আসার সময় সবাই খুব হাসিখুশি থাকে। কিন্তু যায় মন খারাপ করে। এখানে আসলে আমার মনও খুব খারাপ হয়ে যায়। মনে হয় আমার কেউ নেই কিছু নেই। জীবনটা অর্থহীন লাগে।
হেলিকপ্টারটা বেশ জোরে যাচ্ছে। হঠাৎ এন্ডারসন আমার দিকে তাকিয়ে বললো, একটা মজার কথা শুনবে প্যাল ?
আমি বিষন্ন চোখে তাকালাম তার দিকে। কি ?
তোমাকে যেখান থেকে পিক করলাম তার থেকে বেশ কিছুটা দূরে দেখলাম অদ্ভুত এক দৃশ্য। একটা মেয়ে বড় একটা পাথরের উপরে বসে আসে। আর পা নাড়ছে। কিন্তু...
আমি চাপা স্বরে বললাম, কি ?
সেটা হঠাৎ হাওয়া হয়ে গেল। আমার চপারের জোর বাতাসে। হা হা হা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



