গোলাপের হৃদপিণ্ড নিংড়ে রক্ত কণার শেষ বিন্দুটাও শুষে নিয়ে,
তোমার তৃষ্ণা মিটালে!
আর আমাকে শুনালে ভালোলাগার কথা-
''লাল নয় শাদা গোলাপই নাকি তোমার প্রিয়''
আমার স্বচ্ছ আকাশে কালিমা এঁকে,
তুমি বললে-
''বৃষ্টিতে ভিজবো বলেই আকাশকে মেঘ কালো বানালাম ''
বুক পাঁজরে আগুন জ্বেলে
হাড় পোড়ানো কয়লা নিয়ে ফিরে গেলে-
শীতের তিব্রতায় উষ্ণতা পাবে বলে।
চৈতী রাতের অতৃপ্ত যৌবনা চাঁদকে ফিরিয়ে দিলে,
এ বেলায় জোনাক দেখবে বলে।
চাঁদই কেবল জানে একটি চাঁদের মৃত্যু বিষাদ,
ভয়ার্ত আঁধার যন্ত্রনা!
অথচ তোমার দু'চোখে ছিল জোনাক মুগ্ধতা!
যোগ্য প্রেমিক করে গড়ে তোলার শর্তে,
রোজ তোমার ঘুম ভাঙা সকালে,
জানতে চেয়েছ আমার নির্ঘুম রাতের গল্প!
এতটাকাল নিজেকেই কেবল যোগ্য করেছি,
শুধু তোমাকেই ভালোবাসি বলে।
অতঃপর শুনালে প্রেমের মহান বাণী-
''তোমাকে ভুলে যেতে হবে, আমার যোগ্য নাকি তুমি নও ''
চিরকুটের শেষ কথা, ''ভালো থেকো''
বড্ড দ্বিধায় পরে গেলাম, কথাটা নিছক প্রার্থনা নাকি আবেদন!!!
ভালো কি আমায় থাকতেই হবে???
- স্বপ্ন
সুলগ্নার কন্ঠে কবিতাটির আবৃত্তি লিঙ্কঃ https://youtu.be/mW7rEPhKtzM
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




