
তুমি যদি কাজলা বিলের
পদ্মপাতা হতে
আমি হতেম ঝলমলে এক বিন্দু শিশির ।
তুমি যদি হতে জলডাঙার ভ্রমর
আমি হতেম স্বপন ডাঙার ফুল ।
কিংবা ,
তুমি যদি শিশির সিন্ধু হতে
আমি হতেম সবুজ ঘাসের প্রান্তর
শুভ্র শিশির মেখে রোজ প্রভাতে
ভিজত আমার স্পর্শ কাতর অন্তর।

তুমি যদি হতে অচিন পালের পবন
তবে আমি কল্পডানায় ভাসতে ভাসতে
তোমার ভুবন ডাঙায় ভিড়িয়ে দিতাম
আমার মন-ঘুড়ির নোঙর ;
সেথায় তুমি আর আমি
অজানায় হারিয়ে যাওয়া
সুখের ঘ্রাণে ভাসতাম নিরিবিলি ।
তুমি যদি হতে
হেমন্তের শিউলী ফোটা সকাল
তবে আমি হতেম
কুয়াশার ধূপছায়া আঁধার
তোমার শিউলী রঙা সকাল
আমার কুহলিকার আঁধার
মিলেমিশে হত একাকার ।
তুমি যদি হতে নদী
বিশাল জলরাশি অকূল পাথার
আমি তবে আঁধার রাতে চাঁদনী হয়ে
তোমার বুকে এঁকে দিতাম
ভালবাসার জলতরঙ্গে মৃদু আলিঙ্গন।
তুমি যদি আকাশ হতে সুনীল
আমি তবে রঙধনু মেঘ হয়ে
ভাসতে ভাসতে ক্লান্তি শেষে
তোমার বুকের গহন মাঝে
স্থির হয়ে ঘুমাতাম আজীবন ।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



