
নিঃশব্দে স্বপ্নের মাঝে
আমার শৈশবের দিনগুলি ফিরে আসে
রাতভর কেটে যায় ঝোপেরে ধারে
বনপাখিদের ভিড়ে
কোলাহলে মুখর আমি
ফিরে যাই ফেলে আসা দিনে !
জোড়বিলার জলে হাঁসগুলি যায় ভেসে
আমি জলজ কলমির জলে যাই মিশে
শাপলা,শালুক প্যাঁচিয়ে ধরে আমায়
বলে কতকাল আসোনি পাশে
অবেলায় এসেছো আজিকে !
শ্রোতা রূপে নীরবে কানপেতে শুনি
সবুজ ধান ক্ষেতে কিষাণের ধ্বনি
হাঁকডাক হালের গরুগুলি
ফিরে যায় বেলা গোধুলি
অদূরে জ্বলে নিভে
ঝোপের জোনাকি !
রাখালে বাঁশি বাজে নিরবধি
হৃদয়ের ধার ঘেঁষে
বহে রুপালি নদী
দুষ্টু ছেলের দলে মিলে
করি মাছ ধরাধরি
ভুলে যাই ঘরে ফিরা
অবেলায় ফিরি তাই
পাই মায়ের বকুনি
পরক্ষণে ভুলে গিয়ে
সন্ধ্যার আঁধারে 'ভুতভুত ' খেলি !
ভালবাসার হাত বাড়িয়ে
মা এসে নিরবে ডেকে যায়
ক্ষেতের আ'লে ঘাসের শিশির
জড়িয়ে ধরে পায় ,
মাসকলাইয়ের সবুজপাতা
পিছু ডাকে , ফিরে যাই
সুখের গহন বেলায় !
অদৃশ্য এক বাঁশি বাজে হৃদয় গহনে
সেই অস্ফুট সুর আমায়
কেবলি ধাওয়া করে অবেলায়
ফিরিয়ে নিতে চায় নির্জনে
পদ্ম ফোটা কাজল দীঘির জলে ।
হারাতে চায় সন্ধ্যার মায়াজালে
কেটে গেল বেলা লুকোচুরি খেলা
কিছু না বুঝিতে !
শৈশবের দিন গুলি
যেন গোলাপের পাপড়ি
মন বলে তাই ভ্রমর হয়ে
উড়ে আমি যাই ?
আমি কেমনে রাখি ধরে ?
ধূপছায়া আঁধার নেমে এলে
কে যেন ডাকে আমারে ;
স্মৃতিপটে কী যেন বলে যায় চুপিসারে !
ভাবি আনমনে, মেঠোপথে কত দূরে হারিয়ে
কত কথা কত সুধা লয়ে ফিরে এসেছি ঘরে
রাত ঘুমে কত স্বপ্ন বুনেছি আগামীর তরে !
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



