শোযাইব জিবরান
ঢাকা থেকে দূর শহরে এসেছি। স্নাতকোত্তর প্রোগ্রামের পরীক্ষার বহিঃপরিদর্শক হিসেবে।পরীক্ষার হলে গিয়ে দেখি এক ম্যাডাম গার্ড দিচ্ছেন রাজকুমারীর রূপ নিয়ে।পরিচয় পেয়ে ‘আমিই সব দেখছি স্যার আপনি বসুন’ বলে সমীহ করে বসতে বললেন।পরীক্ষার ফাঁকে ফাঁকে টুকটুক করে কথা বললেন।আসতে পথে সমস্যা হয়েছে কিনা, গরম পড়েছে, এখানে নকল হয় না - এইসব। শেষে পরিবার সন্তানের কথা জিজ্ঞাসা করলেন।জবাব দিলাম তাঁর সারল্যমাখা মুখপানে চেয়ে। আমার কথা বলব স্যার পথে যেতে যেতে।
পরীক্ষা শেষ হওয়ার পর ফিরছি উঁচু-নীচু পাহাড়ী পথ বেয়ে।বলতে শুরু করলেন, আমার স্বামীও চাকুরিজীবী।বদলীর চাকুরি।এখন পোস্টিং অমুক জেলায়।আমি বললাম, সে তো বাংলাদেশের আরেক প্রান্তে।আসতে- যেতে তো কষ্ট হয়। তিনি বললেন, আর বলবেন না স্যার, সে তো পাগল।একটু ফাঁক পেলেই ছুটে আসে। আমাদের একটি কন্যা আছে। সে তাঁর পাগল।প্রতিদিন কথা বলা চাই।ঘন্টার পর ঘন্টা।বাপ-বেটির সেকি সখ্য! আর আপনার? সে আর বলবেন না স্যার বলে লাজুক হাসলেন।গোধূলির আভা ছড়িয়ে পড়ল তাঁর রক্তিম মুখে। একটি সুখি পরিবারের প্রাণবন্ত ছবি ভাবতে ভাবতে তাঁকে বিদায় জানিয়ে ফিরলাম সন্ধ্যায়।
উঠেছি শহরের আত্মীয়ের বাসায়।রাতে খাবার টেবিলে ম্যাডামের সুখগল্পটি বললাম তাঁদের।বাসার গৃহকএী খুবই অবাক হলেন। তিনি ম্যাডামকে চিনেন। বললেন, বলেন কী জিবরান ভাই।উনার তো স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়েছে সে অনেক দিন!
ফিরছি রাতের ট্রেনে।দুলছে ট্রেন পু ঝিক-ঝিক।জানালার বাহিরে অন্ধকার, চরাচর মায়াময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


