তারপর একদিন ঠান্ডা অলিন্দের থেকে ঝুমঝুমি অন্ধকার ফুঁড়ে
জেগে উঠলে তুমি
তোমার মিহিন চুলের থেকে সন্তর্পনে নেমে এলো রাত্রি
রাত্রি নেমে এলো আমাদের বিষণ্ণ শরীরে
এবং দেওয়ালঘড়ির ওপর
সচল করোটিতন্ত্রে শুরু হোলো রাত্রির অভিসার
ছড়িয়ে পড়তে পড়তে রাত্রি এক সময় গিলে ফেললো
আমাদের হিমঘর দীর্ণ অধুনা
তোমার চোখের নীলে ভেসে উঠলো স্মৃতি ও বিষাদ
তুমি ডায়েরির ধূসর আড়াল থেকে লঘুছন্দে উঠে এলে
ইতিহাস ও আদিখোশা মাড়িয়ে মাড়িয়ে
চাঁদের ক্রমণে ক্রমে বেড়ে উঠলো রাত
তোমার আমার মাঝে আদিগন্ত কুয়াশাকে লুটে নিলো
নৈঃশব্দ ও জোৎস্নার করুণা
শেষ তারাটির সাথে যখন মিলিয়ে গেলে চুপিসারে
তোমার গল্পের রেশ চুলের গন্ধের সাথে মিশে ছিলো
লেবুগন্ধ আশ্চর্য বাতাসে
অথচ ক্খনো ফেলে আসা গদ্যময় দিনের চিতায়
তোমার আমার কোন নিভৃতির গল্প নেই আলিঙ্গন
আমাদের মনেই ছিলো না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



