"মুজিব মারার হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার"আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের মিছিলে এ উস্কানীমূলক স্লোগান দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রাবি ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রবীন শিক্ষক ড. এস তাহের হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত আসামী শিবির সভাপতি মাহবুব আলম সালেহীর নেতৃত্বে ওই মিছিলের পর ক্যাম্পাসে ছাত্র শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে আগামী শনিবার রাবি ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে। জানা গেছে, আজ রাবি ইসলামী ছাত্রশিবির তাদের টেন্ট থেকে একটি মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। ওই মিছিল থেকেই " মুজিব মারার হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার" শীর্ষক স্লোগান দেয়া হয়। এ ঘটনার পর থেকেই ক্যাম্পাসে স্লোগানটি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ব্যাপারে প্রগতিশীল শিক্ষক সমাজের একজন প্রবীন শিক্ষক জানান, শিবিরের এধরণের স্লোগানের আলামত কোন ক্রমেই শুভ নয়। এ অশুভ তৎপরতার বিরুদ্ধে সকলকে একাত্মা হতে হবে। রাবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন মুনের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিবিররা যে অরিজিনালীই খুনি এ স্লোগান তা-ই প্রমাণ করে। আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। এ ব্যাপারে রাবি ছাত্রশিবিরের সেক্রেটারী দেলোয়ার হোসেন সাঈদীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরণের স্লোগান দেয়া শিবিরের আদর্শের বাইরে। আমরা মিছিল থেকে কখনো এ ধরণের স্লোগান দিইনি।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৬ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


