দীর্ঘ আন্দোলনের পর শ্রমিকদের বেতন বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৫৩০০ টাকা। যেই বেতন কার্যকর হয়েছে এই ডিসেম্বর মাস থেকে। বেতন দেওয়ার পর দেখা যাচ্ছে হাজিরা বোনাস, ওভার টাইম সহ অনেকেই ১১ হাজার, ১২ হাজার টাকা পেয়েছে। আলহামদুলিল্লাহ্। বেতন পাওয়ার পর শ্রমিকদের আনন্দ দেখে সত্যিই মন ভরে গেছে। যদিও গ্রেডিং জটিলতার কারনে কেউ কেউ হতাশা প্রকাশ করেছে কিন্তু বেশীরভাগ শ্রমিককেই তৃপ্ত দেখা গেছে।
এমন না যে শ্রমিকদের আনন্দ দেখে স্টাফদের কস্ট হয় । কিন্তু পরিবর্তিত অবস্থায় স্টাফদের কিছুটা চাপের ভিতর পরতে হচ্ছে । যেমনঃ-
- মালিকেরা এখন সুইং লাইনে হেলপার কমানোর ব্যাপারে বেশী আগ্রহী এবং হেলপার কমানোর ফলে স্বাভাবিকভাবে উৎপাদনের হার কমে গেছে কিন্তু মালিকেরা স্টাফদের কাছ থেকে ঠিক আগের মতই উৎপাদন চাচ্ছে। এর ফলে স্টাফদের বাড়তি শারীরিক এবং মানসিক ভোগান্তি পোহাতে হচ্ছে।
- মালিকেরা এখন অতিরিক্ত শ্রম ঘন্টায় শ্রমিকদের কাজ করানোর ব্যাপারে আগ্রহী না বরং তারা অতিরিক্ত শ্রম ঘন্টা ছাড়াই আগের সমান উৎপাদন করানোর ব্যাপারে বদ্ধপরিকর । আর এই উৎপাদনের জন্য মালিকেরা চাপ প্রয়োগ করে থাকে স্টাফদের।
- উৎপাদন লক্ষ্যমাত্রা না ছুতে পারলে স্টাফদের উপর নেমে আসে অকথ্য গালিগালাজ আর খারাপ ব্যাবহার। এই ক্ষেত্রে মালিকেরা শ্রমিকের সল্পতার কোন অভিযোগ শুনতেই রাজি না। স্টাফরা নীরবে নিভৃতে এই কস্ট মুখ বুজে সয়ে যায় এমনকি শ্রমিকেরা কাজে অবহেলা করলেও তাদের মুখ বুজে সহ্য করতে হয় কারন শ্রমিকদের সাথে কোনরুপ কঠোর না হবার ব্যাপারে উপরের ম্যানেজমেন্টের কড়া নির্দেশ থাকে।
- স্টাফদের ভিতর বেশীরভাগই দেখা যায় মাস্টার্স পাশ থেকে এইচএসসি পাশ করা । চাকরির সল্পতা আর অল্পসময়ে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে অনেকেই এই সেক্টরে চাকরিতে ঢুকে ৬ থেকে ৭ হাজার টাকা বেতনে। কিন্তু নতুন পে স্কেলের পর দেখা যাচ্ছে অনেক শ্রমিকই স্টাফদের চেয়ে বেশী বেতন পাচ্ছে যা স্টাফদের জন্য নিদারুন কস্টের কারন হিসেবে দেখা যাচ্ছে। এমনও দেখা যাচ্ছে কোন সেকশন ইনচার্জ তার অধনস্তদের চেয়ে কম বেতন পাচ্ছে কিন্তু তাদের পক্ষে বলার কেউই নাই। তারা কখনোই ঐক্যবদ্ধ না হওয়াতে খুব সহজেই তাদের উপর যেকোন জুলুম তারা বিনা প্রতিবাদে মেনে নিচ্ছে।
সর্বশেষ একটা কাহিনী বলি। জনৈক রহমান সাহেবের সঙ্গে সেইদিন দেখা হলো। অন্য সবদিনের মতো তাকে সদা হাস্যোজ্জল মুখে দেখতে পেলাম না। অনেক দিনই এই গার্মেন্টস সেক্টরের সাথে যুক্ত আছেন তিনি। কাজ করেন স্টোর বিভাগে। কথায় কথায় বললো যে বাসা পরিবর্তন করবে সামনের মাসে। জিজ্ঞেস করলাম কেনো? সে বললো, ‘’ জীবন চালাতে খুবই কস্ট হচ্ছে। পরিবার আর সন্তানের নিত্যনতুন চাহিদায় গলদঘর্ম হতে হচ্ছে। টিকে থাকার জন্য তাই তুলনামূলক কম ভাড়ার বাসা খুজে বের করেছে নবীনগর এলাকায়।‘’ আমি চুপ করে রইলাম। সে বলতে থাকলো নতুন চাকরি খুজছে। এই চাকরিতে শ্রমিকদের বেতন বৃদ্ধির পর মালিক বার্ষিক ইনক্রিমেন্ট করবে না বলে দিয়েছে। আমি বললাম , যদি চাকরি না পান? সে বললো , চাকরি না পেলে দূরে কোন গার্মেন্টস এ ওয়ার্কার হিসেবে চাকরি শুরু করবে। প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে কে কোথায় যায় তার খোঁজ কি কেউ রাখে? মাস শেষে টাকাটাই তো আসল কথা।
আমি দীর্ঘশ্বাস ফেললাম। হেলপার থেকে চাকরি শুরু করা রহমান সাহেব মধ্যবিত্ত জীবনের টানা পোড়েন ভালোই টের পাচ্ছে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



