ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ মুজিবুর রহমান জাতির জনক এবং জিয়াউর রহমান তার পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন--এভাবেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বইয়ে তাদের অবদান সম্পর্কে লেখা হচ্ছে বলে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ফারুক জানিয়েছেন।
বৃহস্পতিবার শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতিমধ্যে পাঠ্যপুস্তকে এ সংক্রান্ত পরিবর্তন আনার বিষয়টি মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিক স্তরের বইয়ের ব্যাপারে মন্ত্রণালয় ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে এবং মাধ্যমিক পর্যায়ের বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বস্তুনিষ্ঠ বলে ব্যাপকভাবে স্বীকৃত কবি ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান সম্পাদিত মুক্তিযুদ্ধের দলিল অবলম্বনে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের এ ইতিহাস লেখা হচ্ছে। বোর্ড চেয়ারম্যান জানান, এ ব্যাপারে খুবই সতর্কতার সঙ্গে ইতিহাসে যার যা সত্যিকার ভূমিকা সেভাবেই উপস্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের নামের সঙ্গে বিশেষণ হিসেবে "বঙ্গবন্ধু" যোগ করা হবে এবং জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ১৯৭১ সালের ২৭ মার্চ স্বাধীনতা ঘোষণা করেন- এ কথা লেখা হচ্ছে।
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বাংলা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে এ সংশোধিত ইতিহাস সংযোজিত হবে।
ইতিপূর্বে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলগুলো তাদের "সুবিধা" অনুসারে পাঠ্য বইয়ে ইতিহাসের রদবদল করেছে। তবে বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ব্যাপকভাবে ইতিহাস বিকৃতির জন্য নিন্দিত হয়।
বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা এবং সচেতন নাগরিকরা পাঠ্যবইয়ের ইতিহাস বিকৃতি রোধ করে সঠিক ইতিহাস সংযোজনের দাবি জানান। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছিল। তারই ধারাবাহিকতায় এ পরিবর্তন আসছে বলে সংশ্লিষ্টরা জানান।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৭ ভোর ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




