একটু রোদ্দুর উঠান জুড়ে আছড়ে পড়ে
একটা সকালে ধোঁয়া তোলা চা এক কাপ
একটা মনে আছিস তুই শুধু তোর পায়ের ছাপ
তোর আঙুলের ছোঁয়ায় ঘাসের ডগার মুক্তো ঝরে ।
বারান্দা ছাড়িয়ে কাঠগোলাপের শাদা চোখ ঝলসে দেয়
মিছেমিছি যত রং ক্যানভাসে ঢেউ খেলে
যত কথা ছিল বিশ্বাস-অবিশ্বাসের
সবই রয়েছে পড়ে অন্ধকারের লকারে ।
একটু রোদ্দুর জুড়ে যদি স্বস্তি থাকে
একটা আকাশ ভরে নিশ্বাস নিতে চাই
যত ক্ষত ক্ষতই থাক
যত ভুল আমারই হোক
তোর চোখে শুধু সমুদ্র ফিরে আসুক ।
বারবার কাশফুলেরা যেন মেঘ হয়ে না যায়
শাদা মেঘ বৃষ্টি এসবই সুন্দর হোক
কোনদিন আর ভিজব না একথাই থাক
তবু তোর চোখে শুধু সমুদ্র ফিরে আসুক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


