তোমার ওই রুক্ষ চুল, কাকচক্ষু ভালবেসে অন্তরাল থেকে
টি এস সি’র দিকে তোমার হেঁটে যাওয়া ভালবেসে
আবার আমি একাকী হাঁটবো বকুল তলা, ছবির হাটে
কয়েকজন কল্পনার বাউল ভালবেসে আমি যেমন
দোতারার কান্নাকাটি শুনে বেড়াই লালনে,
তেমন করেই তোমাকে দোতারা পাগল বাউলের মত
ভালবেসে যাব যত্রতত্র বিকেলবেলায়।
আমি আরেকবার পোস্টার দেখে
মিছিলে যাব মানুষের পক্ষে এইসব আন্দোলন ভালবেসে
এইসব মরামুখ থেকে মুখ ফিরিয়ে নিয়ে
কোন এক ঘোর জোছনায় হারিয়ে যাব রাস্তায়
পরাজয় ভালবেসে প্রতিদিন।
তোমাকে চোখের সামনে নীল হতে দেখে
এইসব স্মৃতিচিহ্ন জ্বালিয়ে, অনুভূতি টুকরো টুকরো করে
হারিয়ে যাবার শত চেষ্টায় বিফল হয়ে,
আমি আবার তোমার কাছে আসব
পিছুটান ভালবেসে।
পুনরায় তোমাকে অন্তরালে ভালবেসে স্বপ্নে এসে
তোমার চোখে হলুদ রঙের বিষ মেখে দেব
আমার আন্দোলনের মত
বিড়ি চত্বর, কলাভবনে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



