চারপাশে ভিড় করে আছে অগণিত ক্লাউন ও কিলার !
কোনদিকে যাবে, কোন পথ তোমার হবে হে পরিব্রাজক !
কোন সড়কের পাশে দাঁড়িয়ে তুলবে হাত—
কেউ কি আছেন ! আমাকে একটু পার করে দেবেন পথ ।
চারপাশে জমে আছে বরফ ও বিচ্ছিন্নতাবাদ। হাতুড়ি হাতে
যে শিশু ইট ভাঙে, শাবল হাতে যে নারী তুলে মাটির দেয়াল
তাদেরও সাধ্য নেই, নেই ভেঙে দেবার শক্তি এই অচলায়তন
এই প্রাচীন গ্রহের মমি— যে গ্রহ পাথর হয়ে বসে আছে
আমাদের মানচিত্রের উপর।
জমে আছে কালো ধোঁয়া, তামা ও শীশা ধুয়া জল। জমে আছে,
স্বপ্নের করোটি।
জমে আছে কালোচিলের থাবা। নখরের দাগ। আর এই ক্ষতের
পাশ দিয়ে হেঁটে যেতে যেতে কেউ মনসুখে বাজাচ্ছে বাঁশি !
॥ নিউইয়র্ক / ৩ ডিসেম্বর ২০১৪ ॥
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


