প্রিয় আপনি,
প্রতিদিন অসংখ্যবার সেলফোনের ইন-বক্স চেক করি। কেন জানেন? বারবার মনে হয়, হয়তো কোন মেসেজ অপঠিত থেকেছে। এই বুঝি কোন মেসেজ ইন-বক্সে এসেছে আর আমাকে কিছু কথা বলবে। কিন্তু……………। অন্ধকার রাত চারদিকে নিস্তব্ধ পরিবেশ গুমরে কাঁদছে পুরু শহরটা। যে ঢাকা শহরে সারাদিন অবিরাম কাক ডেকে যায় তারাও বড়ই ক্লান্ত, তারা বড়ই নীরব। হলে থাকতে এমন ঘুমহীন রাতে কাউকে না কাউকে পেয়ে যেতাম গল্প করার জন্য। কেউ না কেউ বলত আয় তাস খেলি, আর সারা রাত তাস খেলতে খেলতে কখন যে সূর্য জেগে উঠত বলতে পারতাম না। মাঝে মাঝে এমন রাতে পুরো ঢাকা শহর চষে বেড়িয়েছি। এস-এম হল থেকে শুরু করে শহীদ মিনার, টিএসসি, উদ্যান বাংলা মটর ও ফার্মগেট হয়ে সংসদ ভবন এলাকার রাতের রাস্তা আমাদের দখলে থাকতো। কখনো কখনো পলাশীতে হলুদ আলোতে সারারাত ধরে আড্ডা দিতাম। আর ফখরুলের দোকানের চাইনিজ ভাঁজি আর নরম গরম পরটা খেতে খেতে সময় পার করতাম। নিশ্চয় উজ্জ্বল শুনলে রাগ করবে তার দোকানের চা ছাড়া তো জীবনই চলতো না আর সাথে মান্নানের দোকানের সিগারেট তো ছিলই।
আজ সব স্মৃতির ফ্রেমে। জীবনটা তখন খুবই ইজি ছিল। আজ সেই পরটার নেশা তো নেই। চা ও তেমন খাওয়া হয়না সিগারেট তো কবে কোরবান দিয়ে দিয়েছি মনে নেই। কিন্তু তোমার ভালবাসার নেশাটা আমাকে বড়ই পাগল করে দিয়েছে। আমার মনে হয় কি আপনি, পৃথিবীটা ভীষণ একা। আর তার এই একাকীত্ব তাকে জন্ম থেকে নিস্তব্ধ করে রেখেছে। তোমাকে আমার সারাক্ষণ মনে পড়ে। তোমার এমন হয় কখনো? হয়তো অসংখ্য শুভাকাঙ্ক্ষী, প্রিয় মানুষ আর বন্ধুদের ভিড়ে আমার কথা তোমার মনেই পড়ে না। আমার পৃথিবীটা অসম্ভব ছোট। প্রিয় মানুষের সংখ্যা খুবই কম। সে কারণেই হয়তো তোমাকে মনে করতে আমার কোন কষ্ট হয় না। মনটা কেমন এলোমেলো হয়ে আছে। কি লিখতে বসলাম, আর কি লিখছি, বুঝতে পারছি না। রাত শেষ হয়ে আসছে। আমি বসে আছি একটা মেসেজের অপেক্ষায়। কি অদ্ভুত এই পৃথিবী! কি অবুঝ আমি! তবুও ভীষণ ভাবে বিশ্বাস করি, কাউকে ভালবাসলে, হৃদয়ের অতল তলে আপন করে নিলে, তাকে একদিন আসতেই হবে। তাই ভালোবেসে যাই।
ইতি
একজন আমি
একটু স্নেহ পাবার কোনই অধিকার নেই যার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


