যদি পরিপূর্ণ মন দাও__অনুযোগ করবো না
যদি ভালোবেসে ভরায় কৃষক গোলা
আমি ভিনদেশে কখনো যাবো না
তোমাকে নিয়েই ভাসাবো বেহুলার ভেলা।
যদি তুমি নিসর্গময় গোলপাতার ছাউনি দাও
আমি চাবো না সুরম্য প্রাসাদ
যদি তুমি ভালোবেসে দাও প্রেমের প্রসাদ
আমি এই বাংলা ছাড়া যাবো না কোথাও।
যদি তুমি সবুজ ঘাসের মতোন অমায়িক হও
শীতরোদের মতোন মিষ্টি হও
যদি অহেতুক বিতণ্ডায় না জড়াও
ছিড়েঁ ফেলবো আমার ভিনদেশী নাগরিকত্ব সনদ।
মন খুলে পরিপূর্ণ ভালোবাসো
দেখবে আমি সমস্ত রাজ্য তোমার নামে লিখে দিয়েছি।
০৯.০২.২০১৪
বেহুলার ভেলা
শাফিক আফতাব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


