এই শহরে যেদিন প্রথম আসি কত জীর্ণ আর দরিদ্রদশা ছিলো __
চিকন আর ঘিঞ্জি ফুটপাত, কাঠবডির লরী, আধাপোড়া ইটের বাড়ি,
উঠতি মধ্যবিত্তের কেমন ফুরফুর চিত্ত, নিত্য মদ পান করছিলো
ক্ষুদে শিল্পপতিরা__ মৌচাক থেকে কিনতে বউয়ের চাররঙা শাড়ি।
খাদ্যে ভেজাল তখনো শিখেনি ব্যবসায়ীরা, ঘুষের নিপুণ কৌশল অনেকের অজানা
ডিজিটাল পদ্ধতিতে তখনো দস্যুবৃত্তি শেখেনি দুর্বৃত্তরা, লুটেরা শেখেনি টেকনিক,
সাদামাটা ছিচকে চোরের মতোন খোলা আকাশের নিচে বাগাতো সম্মাননা __
রাতের নির্জনে তারা হতো অসম্ভব রকমের আধুনিক, রোমান্টিক।
এই শহরে যেদিন প্রথম আসি মানুষ কিছুটা ছিলো মানবিক __
পাশ্চাত্য আলিঙ্গনে তখনো ভালোবাসা চালু হয়নি, লোকজ কিছু অনুভুতি
ছিলো তখনো, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকাতে অতিথি
ছিলাম আমরা, অবশ্য কিছু কিছু মানুষ ছিলো মৌলিক।
কতগুলো বছরের পর, শহরের মেদ বেড়ে গেছে, বেড়ে গেছে বিলাস, কামনা __
খালি হাতে শহরে এসে আমার হাত আজো খালি, সেকথা অনেকের অজানা।
১০.০২.২০১৪
[এই শহরে যেদিন প্রথম আসি
শাফিক আফতাব//]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


