এভাবে তুমি আর আমি কত কত দিন হৃদয়ের আবেশে
ভালোবেসে খইরঙা দুপুরে প্রেমের পুকুরে দিয়েছি সাঁতার __
এভাবে তুমি আর আমি পৃথিবীর ভূমিতে নামি, অজস্র
প্রাণের প্রকাশে ফুলের সুঘ্রাণে প্রেমের মিছিলে একাকার।
শাড়ির আঁচলে খেলে যেতো ফুলের সুবাস মাখা দখিনা পবন__
চুলের অজস্র বিন্যাসে খেলে যেতো ঝুরঝুরে ফুলের পাঁপড়ি,
পথ চলায় আমাদের গভীরে গহীনে কত কত মিহি রমণ ;
আমাদের নিয়ে যেতো সেই মেঘের উপরের সজ্জিত বাড়ি।
একদিন অধরের আবেদনে হৃদয়ের ভীড়ে জেগেছিলো প্রেম,
একদিন তোমাকে স্পর্শেই পেতাম বেঁচে থাকার পরম আস্বাদ,
একদিন তোমাকে পেয়ে ক্যাম্পাসদিনে ছিলাম অথই অগাধ __
সেই তোমাকে আজ কোথায়, কোন কাননে রাখিয়ে এলেম।
গুচ্ছ গুচ্ছ পুলকের ফুল, আনন্দদাম, হৃদয়ের নিবেদন নিয়ে
তোমার অপেক্ষায় ইষ্টিশনে, যদি আসো নীল শাড়ি উড়িয়ে !
১৬.০২.২০১৪
[খইরঙা দুপুরে //
শাফিক আফতাব //]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


