তুমি নেই বলে কি আর দিন কাটে না ? ঠিকই কাটে,
সকালের নরম রোদ এসে ভেঙে দ্যায় আমার জন্মদুখি ঘুম __
প্রতিদিন বেলা ঠিকই যায় পাটে,
পাখি গায়, বাগানে ঠিকই ফোটে কুসুম।
আমি ঠিকই সকালের নাস্তা সারি
শহরের ফুটপাতে হাঁটি, অফিসে যাই, সাক্ষর করি
দেহের ফুটনি, অবাঞ্চিত লতাপাতা, খোসা, বাসি তাপ __ সব ঝেড়ে ফেলি
আকাশে মাসে মাসে ঠিকই চাঁদ ওঠে, এক ফালি।
তুমি নেই বলে কি নদীরা থেমে গেছে ? না __
নদীরা ঠিকই ঠিক ঠিক সাগরের সঙ্গমে রমণ করে,
তুমি নেই বলে কি দিনগুলি হয়ে গেছে কানা __?
তুমি নেই তবু দ্যাখো কত কোলাহল, গ্রামে, নগরে, শহরে।
তুমি নেই, দিন ঠিকই কাটে __
তবু রক্তের ছোপ ছোপ দাগ, কিছু ভাঙা কাচ, কিছু কষ্ট মানসপটে।
২০.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


