ঝরাপাতাদের মতোন কামনাগুলো ঝরে পড়ে
স্বপ্নগুলো দিনের আলোর মতোন পালায় রাতের আসন্ন প্রকোপে
ভালোবাসার দিন ক্রমে হারায় কালের গহবরে
অথচ তারারা চিরদিন জ্বলে দিগন্তের কিনারায়, আকাশের ঝোঁপে।
যে নারী ভালোবেসে একদিন দিয়েছিলো বাঁচার সাধ
সেই নারীর শরীরে আজ যুগের দহন,
একদিন আমাদের জীবন ছিলো সমুদ্রের জলের মতোন অথই অগাধ
আজ হতাশার প্লাবনে কষ্টের উৎসারণ।
ভালোবেসে তবু বালুচরে ফোটাতে চাই ঘ্রাণময় ফুল, লতাপাতা
ভালোবাসার জন্য তবু শেষবিন্দু রক্ত ঢেলে দেই
জীবনের ঘাতপ্রতিঘাত আর অভিঘাতে ভরে যায় কবিতার খাতা
আমার পৃথিবী আজ আপন ঘরেই।
ঝরাপাতাদের মতোন আমিও ঝরে যাই দেহলতায় কষ্টের ক্ষরণ
ভালোবাসা দেবার জন্য আমারে আর কেউ করেনা স্মরণ।
০৪.০৩.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


