মাথার ভেতরে ঘুম
চোখে ঘুম নেই
বাতাসে বারুদ
বুকের গভীরে খুন
পাঁজরে গোলাপ গেঁথে লকলকে ঘৃণা চেপে রাখি!
কোথাও কোন মানুষ দেখিনা
চোখের কোটরে দগদগে ঘা নিয়ে একপাল দোপেয়ে শ্বাপদ
আমার আমার চারপাশে দিনমান মানবতা ফেরি করে চলে!
এবারের বসন্তে কোন ফুলের গন্ধ নেই
লাশের দীর্ঘ মিছিলে সবুজ পাতাগুলো আড়াল হয়ে গেছে
শিমুলের ডালে ফুলের বদলে জমাট বাঁধা রক্তপিণ্ড দেখি!
এখন চন্দ্রগ্রস্ত হলে খুনিদের বিকট হাসিমুখ দেখি
নতুন সূর্য আশার বদলে বিদ্বেষ বয়ে আনে
প্রতিটা ভোর ঝকঝকে দুঃস্বপ্ন হয়ে আত্মাকে গিলে ফেলছে ক্রমশ!
গুম হয়ে যেতে পারি যে কোন দিনই
তাই পালিয়ে যেতে চাই
এ শহর ছেড়ে দূরে
এই মৃতদের দীর্ঘশ্বাস পিছে ফেলে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


