আমি জানিনা খুব করে আকাশ কালো হয়ে ঝুম বৃষ্টি নামলে আমার কথা তোমার মনে পড়ে কিনা। আমার কিন্তু তোমাকে একদম মনে পড়েনা। এমনকি ভুলে গেছি তোমাকে একটিবার দেখার জন্য সাড়ে তিন ঘন্টা বৃষ্টিতে ভিজে ভেজা চোখে ফিরে আসার ব্যর্থ গল্পটাও।
শুধু আর বৃষ্টিতে ভিজতে পারিনা। বৃষ্টির প্রতিটা ফোঁটা তীরের ফলার মতো আমার শরীরে আঘাত করে, চোখের সামনে ছায়াছবির মতো ভাসতে থাকে বৃষ্টিতে ভিজে চুপসে যাওয়া এক কিশোরের থরথর মুখ!
আমার কাছে বৃষ্টি মানে উপেক্ষা।
আমার কাছে বৃষ্টি মানে উদাসীনতা।
আমার কাছে বৃষ্টি মানে স্বপ্নভঙ্গের বেদনা!
আমাদের জাহাঙ্গীরনগরে ঝুম বৃষ্টি নামলে ছেলেমেয়েরা দল বেঁধে রাস্তায় নেমে আসে!
বৃষ্টিবিলাস করে..বৃষ্টিতে ভালোবাসা ছড়ায়!
আমি কেবল মুগ্ধ দৃষ্টিতে দেখি।
ইদানিং বৃষ্টি হলেই ফেসবুকে রোমান্টিকতার ঢল নামে। একের পর আসতে থাকে বৃষ্টিস্নাত উচ্ছ্বাসময় পোস্ট। আমি প্রতিটা পোস্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি।
বড় ভালো লাগে মানুষের বিশুদ্ধ আবেগ।
আর খুব ইচ্ছে করে আবারো বৃষ্টিতে ভিজি!
পারিনা...বড় ভয় হয়! স্বপ্নভঙ্গের ভয়!
প্রায়ই ভাবি একদিন ঘুম ভেঙে দেখবো বুকের মধ্যে আর কোন ভয় নেই!
সেইদিন খুব করে মেঘ করবে...ফুল হয়ে ফুটবে বৃষ্টি..বিদ্যুৎ চমকে নামবে ভালোবাসা!!
কবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


