জানি মানুষের সকল কাজ এমনকি বিকেলের ঘুমটাও রাজনীতির অংশ। খেলার সাথে রাজনীতির যোগ থাকাটাও প্রাসঙ্গিক। এশিয়া কাপ খেলা চলাকালীন সময়ে যে উগ্র জাতীয়তাবাদী চিন্তার যে সমাহার দেখছি সত্যিই উদ্বেগজনক। ভারতে ৬৫ জন বিশ্ববিদ্যালয় ছাত্রকে (পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করার দায়ে) ইতোমধ্যে বহিস্কার করে তারা পরমত সহ্য করার বড় প্রমান দিয়েছেন!! আর এদেশীয় প্রভাবশালী ব্লগারদের সংগঠন স্টেডিয়ামে অন্য দেশের পতাকা নিষিদ্ধের দাবি তুলেছেন। সত্যিই দুঃখজনক। তবে তাদের এই দাবির পিছনের স্পিরিট আর অনুভুতির প্রতি পূর্ন শ্রদ্ধা আছে আমার....
৭১ এ যুদ্ধকালীন সময়ে পাকিস্তানী শাসকদের অত্যাচার নির্যাতনের যথাযথ বিচার ও শাস্তি দাবি করি আমরা, এদেশীয় রাজাকার দের বিচার চাই। তাই বলে আমরা পাকিস্তানী জনগনকে ঘৃনা করিনা, বরং তাদের দেশের মানবাধিকার পরিস্থিতির জন্য দুঃখবোধ করি। তাদের ক্রিকেট দল তাদের দেশের প্রতিনিধি, একই ভাবে অন্যান্য দলের ও ক্রিকেট দলও। তাই গ্যালারীতে ভিন্ন ভিন্ন দলের সমর্থকরা খেলাটাকে বর্ণিল রাখে আরো বেশী।তাদের হাতের বর্নিল ফেস্টুন, পতাকা কেড়ে নেবার ইচ্ছাটা উগ্র জাতীয়তাবাদী চিন্তা ছাড়া অন্য কিছু বলতে পারছিনা। খেলার সময়ে যে কেউ যে কোন দলকে সমর্থন করতে পারে, এটা করতে পারার সুযোগ আছে বলেই খেলাটা আনন্দময়। ইংল্যান্ডে বাংলাদেশী ক্রিকেটারদের ভালো খেলতে দেখে ইংলিশ কিন্তু জন্মসূত্রে বাংলাদেশীরা গ্যালারীতে উচ্ছাস প্রকাশ করে, তাই বলে যদি ব্রিটিশরা যদি এই জন্মসূত্রে বাংলাদেশীদের নাগরিকত্ব কেড়ে নেবার দাবি জানায় ব্যাপারটা কেমন হবে ভেবে দেখবেন।
ভারতের সীমান্ত হত্যাকে অনেকেই বাংলাদেশের সাথে নিচুমাত্রার যুদ্ধ বলে থাকেন, এসব সমস্যার সমাধান শাসকদের সদিচ্ছার উপরে নির্ভর করে। এগুলোকে পুজি করে আমরা জাতিগত বিদ্ধেষ উসকে দিতে পারিনা, দেয়ার চেষ্টা করাটা হবে মারাত্মক ভুল।
যদি কোন বাংলাদেশী বাংলাদেশ-পাকিস্তান খেলার সময় পাকিস্তান সাপোর্ট করে এটা তো ভয়াবহ জাতিগত হীনমন্যতা।আমি জানিনা ঠিক এর মাত্রাটা কতখানি। নগন্য হবারই সম্ভাবনা। আপনি জোর করে তাদের পতাকা বহনে বাধা দিতে পারেন, তাতে কি কোন ভাল ফল আসবে? তাদের এহেন কাজের পেছনের কারণ উদঘাটনে সচেষ্ট হওয়া দরকার।
তবে বাংলাদেশ বাদে অন্য প্রতিপক্ষের সাথে খেলার সময় পাকিস্তানকে সমর্থন করার মাত্রাটা বেশ বড়, আমি আলোচনাটা এই কন্ডিশন নিয়েই করছি....
যদি পাকিস্তান ক্রিকেট দলকে ৭১ সালে গণহত্যাকারী শাসকদের প্রতিনিধি মনে করি, সে জন্য দম্ভিত ভাব পরিলক্ষিত করি তবে তাদের এদেশে খেলতে দেওয়াই উচিৎ না। তাদের সাথে কোথাও কোন ম্যাচ খেলা উচিৎ না। এটা নিয়ে ভাবতে হবে, খেলাও চলবে আবার যুদ্ধ যুদ্ধ ভাব নিয়ে প্রতিপক্ষের উল্লাস সহ্য করতে পারব না এটা হতে পারে না। উপায় দুইটা ১.হয় খেলাটা সাধারন নিয়মে বিনোদন আর সম্পর্কন্নোয়নের হাতিয়ার হয়ে থাকবে নয়তো ২. তাদের ক্ষমা না চাওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত খেলা থেকে শুরু করে সকল লেনদেন বন্ধ থাকবে।
শুধুই উসকানিমূলক কর্মকান্ডে পাকিস্তানের কিংবা অন্য কোন দেশের আম জনগনের কাছে বিদ্বেষের বার্তাই পৌছাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


